বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকায় বাংলাদেশ-মায়ানমার সীমান্তের শূন্যরেখার কাছে পরিত্যক্ত মর্টারশেল বিস্ফোরণে সতনাইং তংচঙ্গ্যা (১৫) নামের এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে।
নিহত সতনাইং তঞ্চঙ্গ্যা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বালুখালী পোস্টের বাইশফাড়ি পশ্চিম পাড়ার কিংলা তঞ্চঙ্গ্যার ছেলে।
মঙ্গলবার (২ জুন) দুপুর ১টার দিকে ঘুমধুম ইউনিয়নের তুইংগাঝিরি বিওপি সীমান্তের ওপারে মায়ানমারের অভ্যন্তরে মুইঙ্গাঝিড়ি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
সীমান্তের একাধিক সূত্র ও স্থানীয়দের বরাতে জানা যায়, তুইংগাঝিরি বিওপি এলাকার সীমান্ত পিলার ৩৯ থেকে আনুমানিক ৮০০ মিটার উত্তর-পূর্বে এবং শূন্যরেখা থেকে মাত্র ১০ মিটার আগে মায়ানমারের ভেতরে একটি ঝিড়িতে একটি মর্টারশেলটি পড়ে থাকতে দেখে ওই কিশোর। কৌতূহলবশত সে মর্টারশেলটি হাতে নিয়ে পাশের একটি পাথরের ওপর আঘাত করলে এটি বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে নিহত কিশোরের আত্মীয়-স্বজনরা বিজিবি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সীমান্ত এলাকা থেকে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
এই ঘটনায় সীমান্ত অঞ্চলের বাসিন্দাদের মাঝে নতুন করে আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।
রিদুয়ানুল হক/আজহার/