প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) উপজেলার শহিদ হারুন পার্কে ক্লাবের সভাপতি মুহাম্মদ রায়হান উদ্দিন সরকারের উদ্যোগে এবং সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটনের ব্যবস্থাপনায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়।
কর্মসূচিতে সহসভাপতি মো. লুৎফর রহমান খান খোকন, কোষাধ্যক্ষ ঝিন্টু দেবনাথ, সাংগঠনিক সম্পাদক সুপক রঞ্জন উকিলসহ ক্লাবের অন্যান্য সদস্যসহ বিভিন্ন পেশার লোকজন অংশ নেন।
এ সময় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কার্যক্রম অব্যাহত রাখা হবে।
তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান।
আজহার/
রাঙামাটির রিজার্ভ মুখ এলাকায় কাপ্তাই হ্রদ থেকে মানসিক ভারসাম্যহীন নারী মুক্তা বড়ুয়ার (২৮) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
রবিবার (২১ জুন) সকাল ১০টার দিকে শহরের শহিদ মিনার সংলগ্ন রিজার্ভ মুখ এলাকায় মরদেহটি ভেসে উঠে।
মুক্তা বড়ুয়া স্বামী অভিজিৎ বড়ুয়ার সঙ্গে রাঙামাটির তবলছড়ির বিজিবি রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গত শুক্রবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে গতকাল কোতোয়ালি থানায় একটি জিডি করে পরিবার। আজ সকালে মরদেহ ভেসে উঠেলে স্থানীয়রা পুলিশে খবর দেন।
রাঙামাটি ফায়ার স্টেশনের লিডার গিয়াস উদ্দিন বলেন, রিজার্ভ মুখ এলাকা থেকে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
জিয়াউর রহমান/আজহার /
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অন্যত্র বদলির আদেশ পাওয়ার সাড়ে চার মাস অতিক্রমের পাশাপাশি পদ থেকে মুভ আউট হওয়ার পরও একই পদে পদায়নকৃত নতুন কর্মকর্তাকে কাগজে-কলমে দায়িত্বভার বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. জসিম উদ্দিনের বিরুদ্ধে।
এতে একই পদে পদায়নকৃত ডা. অমিত দে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী নিয়মিত হাসপাতালে গিয়ে দায়িত্ব পালন করলেও কাগজে কলমে দায়িত্বভার না পাওয়ায় আর্থিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে দেখা দিয়েছে চরম স্থবিরতা।
বিষয়টি জানতে পেরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম গত (১৬ জুন) পদায়নকৃত ডা. অমিতকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য ডা. জসিম উদ্দিনকে নির্দেশ প্রদান করে একটি পত্র দেন। এরপরও তিনি (জসিম) সিভিল সার্জনের ওই আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হরেক রকমের ছলচাতুরীর মাধ্যমে চেয়ার আঁকড়ে থাকার পাঁয়তারা করছেন।
জানা গেছে, সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে থাকাকালীন ডা.জসিম জুনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি) পদে পদোন্নতির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করলে তাকে ২০২৫ সালের (৭ আগস্ট) পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতির আদেশে বলা হয়, একই মাসের ১৩ তারিখের মধ্যে মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে সরাসরি বা ই-মেইলের মাধ্যমে যোগদানপত্র প্রেরণের জন্য বলা হয়। সে মতে তিনি (জসিম) যোগদানপত্র প্রেরণ করলে চলতি বছরের (২৮ জানুয়ারি) তাকে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি) হিসেবে পদায়ন করা হয় এবং (৩ ফেব্রুয়ারি) পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে চিঠিতে উল্লেখ করা হয়। উক্ত সময়ের মধ্যে যোগদান করতে ব্যর্থ হলে বিভাগীয় শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পত্রে উল্লেখ করা হয়।
এসব আদেশকে উপেক্ষা তিনি সাতকানিয়ায় স্বপদে বহাল থেকে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করেছেন। এর মধ্যে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসারকে (আরএমও) দায়িত্ব দিয়ে তিনি (জসিম) হজ্ব টিমের চিকিৎসক হিসেবে সৌদি আরব গমন করেন। ইতোমধ্যে ডা. অমিত দে'কে সাতকানিয়া উপজেলায় ইউএইচএফপিও পদে পদায়ন করলেও এ পর্যন্ত তাকে লিখিতভাবে দায়িত্বভার বুঝিয়ে না দিয়ে কালক্ষেপণের অপকৌশল নিয়েছেন অভিযুক্ত ডা. জসিম।
শুধু তাই নয়, ডা. অমিতকে দায়িত্ব বুঝিয়ে দিতে (১৬ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন চিঠি দিলেও আদেশটি তিনি অমান্য করেন। এদিকে, সদ্য পদায়নকৃত ডা. অমিত দে'কে কাগজে-কলমে দায়িত্বভার হস্তান্তর না করায় চলতি অর্থবছরের বিভিন্ন বিল উত্তোলন করা সম্ভব হচ্ছে না। আগামী সোমবার (২২ জুন) এসব বিল উত্তোলনের সর্বশেষ সময়। তাই ওই সময়ের মধ্যে বিলগুলো উত্তোলন করতে না পারলে চলতি অর্থ বছরে বরাদ্দকৃত অবশিষ্ট অর্থ সরকারি কোষাগারে ফেরত যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন ব্যাহত হওয়ার পাশাপাশি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সাতকানিয়া উপজেলার বাসিন্দা মো. সাইফুদ্দিন বলেন, ‘দীর্ঘদিন আগে বদলির আদেশ হওয়া সত্ত্বেও এখনো নতুন কর্মকর্তাকে দায়িত্বভার হস্তান্তর না করায় সাধারণ মানুষ উদ্বিগ্ন। একটি গুরুত্বপূর্ণ সরকারি পদে এ ধরনের দীর্ঘসূত্রিতা স্বাস্থ্য সেবার স্বাভাবিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা রাখি।’
সদ্য যোগদানকৃত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. অমিত দে বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমি নিয়মিত কর্মস্থলে উপস্থিত হয়ে দায়িত্ব পালন করছি। তবে সদ্য বিদায়ী ইউএইচএফপিও আমাকে এখনো পর্যন্ত কাগজে-কলমে দায়িত্বভার হস্তান্তর করেননি।’
বিদায়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. জসিম উদ্দিন বলেন, আমি উনাকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছি। সেখানে কিছু আর্থিক বিষয় আছে সেগুলো আগামীকাল (রবিবার) বুঝিয়ে দিব।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘এ বিষয়ে তাদের সঙ্গে আমার কথা হয়েছে। আগামীকালই (রবিবার) সিভিল সার্জন কার্যালয়ে এসে তিনি (জসিম) দায়িত্বভার হস্তান্তর করবেন।’
আরিফুল ইসলাম/অন্তরা/
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম’ এ স্লোগান কে সামনে রেখে ১২ তম আন্তর্জাতিক ইয়োগা দিবস উপলক্ষে ইয়োগা আসন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ২১ জুন) সকালে উপজেলার পূর্বাচল উপশহরের জলসিড়ি সেন্ট্রাল পার্কে ‘শারিরীক সুস্থতা, প্রফুল্ল মন ও জীবন গঠন’ প্রতিপাদ্য নিয়ে মডার্ন ইয়োগার উদ্যেগে ও নাসরিন হকের তত্ত্বাবধানে এ আন্তর্জাতিক ইয়োগো দিবস পালিত হয়।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় নাসরিন হক বলেন, আমরা অনেকেই মনে ইয়োগা মানে অনেক কঠিন কঠিন আসন। আসলে একদমই তা না। শরীর তখনই সুস্থ থাকবে যখন ইয়োগার মাধ্যমে আমরা চিন্তা শূন্য হয়ে যাব।
ইয়োগার মূল লক্ষ্য হচ্ছে আমরা কি? আমরা কে? কোথা থেকে এসেছি? কোথায় যাব? শেষ যাত্রা কোথায়? এটা জানার জন্যআমরা ইয়োগা করব। সেই আমাদের শারীরিক সুস্থতা তো আছেই। আজ থেকেই সবাই ইয়োগা শুরু করুন।
তিনটি বিষয় খেয়াল রাখতে হবে হবে - নিয়মিত অনুশীলন করতে হবে, সচেতন থাকতে হবে এবং অবশ্যই ধৈর্য রাখতে হবে। একবার ইয়োগার প্রেমে পড়লে এ প্রেম আর শেষ হবে না। এ সময় সবাইকে ইয়োগা করার আহ্বান জানান তিনি।
মো. রুবেল শিকদার/অন্তরা
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় ট্রাকচাপায় সোহেল মিয়া (৪৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে অটোরিকশা শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
রবিবার (২১ জুন) ভোরে উপজেলার আউশকান্দি কিবরিয়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল মিয়া কুর্শি গ্রামের জব্বার উল্লাহর ছেলে।
পুলিশ জানায়, প্রতিদিনের মতো সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বের হন সোহেল মিয়া। পরে আউশকান্দি কিবরিয়া চত্বর এলাকায় অটোরিকশা রেখে চা পান করতে মহাসড়ক পাড় হওয়ার সময় সিলেটগামী মাছবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ট্রাকটি আটক করা হয়।
এ ঘটনার প্রতিবাদে আউশকান্দি এলাকায় অটোরিকশা শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ও শেরপুর হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কাজল সরকার/আজহার/