বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) সকাল আনুমানিক ৯টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধীনস্থ রেজু আমতলী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৪০ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল খালেক উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১-এর ব্লক-সি এলাকার বাসিন্দা। তিনি মোহাম্মদ আনু মিয়ার ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক শূন্য লাইন থেকে প্রায় আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাস্টার শাহ আলমের আকাশমনি বাগান পরিষ্কার করতে যাওয়ার পথে মাইন বিস্ফোরণে আবদুল খালেক (৩০) গুরুতর আহত হন। পরে তার সঙ্গে থাকা ছোট ভাই তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিবিজিএম, পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় এখনো মাইন বিস্ফোরণের উচ্চ ঝুঁকি রয়েছে। জীবনের ঝুঁকি এড়াতে এবং ল্যান্ডমাইন দুর্ঘটনা প্রতিরোধে স্থানীয় জনসাধারণ ও রোহিঙ্গাদের সীমান্ত এলাকায় যাতায়াত না করার জন্য বিজিবির পক্ষ থেকে নিয়মিত সচেতনতামূলক সভা ও লিফলেট বিতরণ করা হচ্ছে।
এই ঘটনার পর থেকে স্থানীয় সীমান্তবর্তী বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। বিজিবি সীমান্ত এলাকায় নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি খতিয়ে দেখছে বলে জানা গেছে।
রিদুয়ানুল হক সোহাগ/অন্তরা