মৌলভীবাজারের কমলগঞ্জে ভোরে কর্মস্থলে যাওয়ার পথে এক নারীকে জোরপূর্বক প্রাইভেটকারে তুলে অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ সময় নারীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসার সম্ভাবনা টের পেয়ে অভিযুক্তরা দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যান।
রবিবার (৮ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও এলাকার বটতলা বাজারে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারী ফাতেমা পারভেজ নিশি জানান, তিনি শ্রীমঙ্গলের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। প্রতিদিনের মতো এদিনও ভোরে কর্মস্থলে যাওয়ার জন্য বটতলা বাজারে গাড়ির অপেক্ষায় ছিলেন তিনি। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকার ওই এলাকায় বারবার ঘোরাফেরা করছিল। গাড়িতে থাকা কয়েকজন যুবক তাকে শ্রীমঙ্গলে পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে উঠতে বললেও, তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় তিনি তা প্রত্যাখ্যান করেন।
তিনি আরও জানান, কিছুক্ষণ পর বাজারে লোকজন কমে গেলে তিনি বাড়ির দিকে রওনা হন। ঠিক তখনই গাড়িটি আবার সেখানে এসে থামে এবং গাড়ি থেকে এক যুবক নেমে তার হাত ও মুখ চেপে ধরে জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টা করেন। এ সময় তিনি প্রাণপণ চিৎকার করলে আশপাশের লোকজনের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা দ্রুত গাড়ি নিয়ে শ্রীমঙ্গলের দিকে পালিয়ে যান।
এ ঘটনায় তিনি কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল খবরের কাগজকে জানান, অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। অপহরণের চেষ্টায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলক পুরকায়স্থ/অমিয়/