নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মতিন ভুঁইয়া ও তার স্ত্রী-সন্তানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ইউপি সদস্যের স্ত্রী।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার কামশাইর এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
আব্দুল মতিন ভুঁইয়া জানান, শনিবার দুপুরে নিজের বাড়ি থেকে ব্যাটারিচালিত রিকশায় তার স্ত্রী জহুরা আক্তার সুমি (৩০) ও মাদরাসাপড়ুয়া মেয়ে মুশফিকা তানহাকে (৯) নিয়ে কোনাপাড়ার বাসায় ফিরছিলেন। পথে কামশাইর পাকা রাস্তায় এই এলাকার আবুল হোসেন, মাহমুদ হাসান, রিপনসহ আরও ৩-৪ জন সন্ত্রাসী অস্ত্রসস্ত্র নিয়ে পূর্ব শত্রুতার জেরে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা তাকে পিটিয়ে আহত করে এবং গলা চেপে ধরে। এ সময় তার স্ত্রী ও মেয়ে বাধা দিলে সন্ত্রাসীরা তাদেরকেও পিটিয়ে আহত করে।
পরে তাদের চিৎকারে লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন তাদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
এ ঘটনায় আব্দুল মতিন ভুঁইয়ার স্ত্রী জহুরা আক্তার সুমি বাদী হয়ে আবুল হোসেন, মাহমুদ হাসান, রিপনের নামোল্লেখসহ অজ্ঞাত তিন-চারজনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ করেছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ খবরের কাগজকে বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
রুবেল শিকদার/অমিয়/