প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব, সাংবাদিক ও সুপ্রিম কোর্টের আইনজীবী পরিচয়ে প্রতারণার অভিযোগে পলাতক সাজাপ্রাপ্ত আসামি আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২২ মে) বিকেলে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম।
এর আগে, বৃহস্পতিবার (২১ মে) রাতে সাভারের জালেশ্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং শুক্রবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার আব্দুল্লাহ আল মামুন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার উলাইল গ্রামের ছেলে। তিনি ঢাকার সাভারের জালেশ্বর এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, সরকারি কর্মকর্তাদের বদলি-পদোন্নতির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়াসহ দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতারণার সঙ্গে জড়িত ছিলেন তিনি। তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন, ভুঁয়া সাংবাদিক পরিচয়পত্র, ‘প্রেস’ লেখা জিপ গাড়িসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ১৮ মে তিনি তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে ফোন করে নিজেকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবে পরিচয় দেন। বিষয়টি প্রধানমন্ত্রীর এপিএস-১ জানতে পেরে ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারওয়ার আলম বলেন, তিনি প্রতারণার কাজে বিশেষ একটি মোবাইল ব্যবহার করতেন। দীর্ঘদিন যাবত এই ধরনের প্রতারণার কাজে তিনি জড়িত ছিলেন। তার বিরুদ্ধে পূর্বে চেক জালিয়াতিসহ মোট ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত ছিলেন।
আসাদ জামান/নাঈম