মুরগিচোরা শেয়াল
নাসির আহমেদ
মুরগি-মোরগ ডাকছে খোপে
কক কক কক কক,
বেজায় শীতে ক্ষুধায় শেয়াল
কাঁপছিল ঠকঠক।
গভীর রাতে খোপের পাশে
ওত পেতে রয় চোর,
মুরগি ধরার আশায় আশায়
রাত হয়ে যায় ভোর।
বাড়ির পোষা কুকুর ছাড়া
পেয়েই দিল হাঁক!
সে হাঁক শুনেই মুরগি-মোরগ
জোরসে দিল ডাক।
কুক্কুরু কুক, কক কক কক
খোপ কাঁপানো ডাকে,
প্রাণের ভয়ে খোপের কাছে
আর কি শেয়াল থাকে?
লেজ উঁচিয়ে পালায় শেয়াল
পেছন পেছন কুকুর,
এই না দেখে ভীষণ মজা
পাড়ার খোকা-খুকুর!
মাটির মানুষ
আবদুল লতিফ
মাটির মানুষ দেখবে যদি
ছুটে এসো গাঁয়
গলায় গলায় সখ্য তাদের
চলা পায়ে পায়।
মাটির উপর শুয়ে বসে
ঘুমায় মাটির বুকে
মাটি চষে ফলিয়ে ফসল
কাটায় মহাসুখে।
মাটিই তাদের সবচেয়ে আপন
মাটিই তাদের আশা
মাটির মাঝেই স্বপ্ন তাদের
মাটিই ভালোবাসা।
মাটির সাথে দুঃখ সুখের
করে ভাগাভাগি
তার সাথেই মান-অভিমান
চলে রাগারাগি।
পদ্মার ইলিশ
ইসমত আরা সুপ্তি
পদ্মার বুকে মনের সুখে,
ইলিশ করে খেলা,
সবার সাথে হেসে খেলে
যাচ্ছিল বেশ বেলা।
মানুষরূপী দৈত্য জেলে
হঠাৎ দিয়ে হানা,
মা ইলিশকে নিল তুলে
ফেলে এল ছানা।
ছানাগুলো মায়ের তরে
কাঁদল করুণ স্বরে,
কান্না শুনে ইলিশ মায়ে
ছটফটিয়ে মরে।
অন্য সকল মাছেরা হয়
হুঁশিয়ার এই বেলা,
জেলে দলের সাথে চলে
চোর পুলিশের খেলা।
নৌকার উপর দস্যু জেলের
আনন্দে ক্ষণ কাটে,
চড়া দামে ইলিশগুলো
তুলবে নিলাম হাটে।
ভূতের টোন
কামরুজ্জামান দিশারি
ক্রিং ক্রিং টেলিফোন
যেই ওঠে বেজে,
খুকুমনি দৌড় দেয়-
‘ফোন করে কে যে!’
রিসিভার তুলে বলে
‘কাকে তাও? হ্যালো!
কী তোমাল পলিচয়
তালাতালি বলো!’