মেলার মজা
আই লো আই
মেলাত যাই।
কিনমু চুড়ি নেইল পলিশ,
মুড়কি- মোয়া কী বলিস?
নাগরদোলায় চড়বি নি
মনটা তাতে ভরবি কি?
আই লো আই
লেইট করনের সোমায় নাই।
খুচরা ট্যাকা পয়সা নিস
কিনবো নানান শো’য়ের পিস।
মাটির পুতুল ডেকচি হাঁড়ি
কোঁচড় ভরে আনব বাড়ি।
ইচ্ছামতন ঘুরতে চাই
এমন মজা কই যে পাই?
সঙ্গে কারে নিচ্ছ আই
তৈরি আছে ক্যাট বিলাই।
আইলো আই
আয় জলদি মেলাত যাই।
জাতীয় ফল, পেটুক দল
কাঁঠালের আঁটিটারে কেন যেন ভূতি কয়
দশাসই সাইজের ন্যাশনাল ফ্রুট
তেনাকে নাড়ানো ভাই মোট্টেও সোজা নয়
বুঝেচেন মহাশয়
খোঁচাইন্যা বাকলায় গুঁতো খাবো
এইমতো আছে ভীতি ভয়
আঠা আছে, বেশুমার বিচ্ছিরি কারবার
জিল্লতি কতো নয় ছয়
আঠা ছাড়ানোর আছে বেশ ভালো তকলিফ
জাতীয় ফলের এতো নিগেটিভ সাইড নিয়ে
কচকচি জারি রয়
পরানে কতটা সয়?
আয় রে এখানে এসে
চুপচাপ বয়
মুড়ি দিয়ে পেট ভরে কাঁঠালের সদগতি
হবে নিশ্চয়।
ভেবে দেখুন খুলে বলুন
কাক হলো নাগরিক পাখি
ভোরে সক্কালে করে
কর্কশ সুরে ডাকাডাকি।
ডাস্টবিনে মরা পচা
খুঁটে খুঁটে খায়,
কেউ যদি কাক ধরে
সব কাক জড়ো হয়ে
জোরে চিল্লায়।
কাক বাদ দিলে এই
শহরের কী হবে বলেন
এই কথা কক্ষনো
কেউ ভেবেছেন?
ভাবিয়া দেখুন
তারপর এ বিষয়ে
চিন্তিত মতামত
খুলিয়া বলুন।