ঈদ মানেই আনন্দ আয়োজন। ঈদকে উপভোগ করার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা করা হয়। তার মধ্যে ঘুরতে যাওয়া অন্যতম। ঈদের ছুটিতে অনেকেই পরিবারসহ বা বন্ধুবান্ধবদের সঙ্গে ঘুরতে যান। কাছে বা দূরে যেখানেই যান না কেন, ভ্রমণে কিছু ব্যাপার মেনে চলা উচিত। ভ্রমণের সেসব বিষয় নিয়ে লিখেছেন মোহনা জাহ্নবী
পরিকল্পনা করুন
কোথায় ঘুরতে যাবেন, আগে তা পরিকল্পনা করুন। পূর্বপরিকল্পিত থাকলে ভ্রমণের প্রস্তুতি নেওয়া সহজ হয়। এরপর বাজেট নির্ধারণ করে ফেলুন। বাজেট নির্ধারণ করা হলে অপ্রয়োজনীয় খরচ অনেকটাই এড়ানো যায়। স্থান ও বাজেট নির্ধারণ হয়ে যাওয়ার পর টিকিট সংগ্রহ করে ফেলুন এবং হোটেল বুকিং দিন। ভ্রমণস্থলে গিয়ে হোটেল খুঁজে বুকিং দেওয়াটা একটু ঝামেলার। সেই ঝামেলা এড়াতে সম্ভব হলে আগেই হোটেল বুকিং দিন।
আবহাওয়া
ঘুরতে যাওয়ার আগে অবশ্যই আবহাওয়ার বিষয়টি মাথায় রাখুন। এখন যেহেতু গরম ও একই সঙ্গে বৃষ্টির সময়, তাই ছাতা, রেইনকোট, সানগ্লাস, সানস্ক্রিন এসব সঙ্গে রাখুন।
প্রয়োজনীয় অনুসঙ্গ
ঘুরতে গেলে কিছু মৌলিক জিনিস অবশ্যই সঙ্গে রাখতে হয়। যেমন- মোবাইল, চার্জার, পাওয়ার ব্যাংক, প্রয়োজনীয় ওষুধ (জ্বর, ঠাণ্ডা, কাশি, গ্যাসট্রিক), স্যালাইন, জামাকাপড়, ব্যাগ ইত্যাদি। এসব জিনিস ছাড়াও ব্যক্তিভেদে প্রয়োজন অনুযায়ী অন্যান্য অনুসঙ্গও তালিকা করে গুছিয়ে নিন, যেন ভুল না হয়।
পোশাক
গরমের দিনে ঘুরতে গেলে সুতির পোশাক পরাই উত্তম। এ ছাড়া যেসব কাপড় পরিধান করলে গরম কম লাগে, সেসব কাপড় সঙ্গে নিন। কালো রঙের পোশাক না পরাই ভালো। হালকা রঙের পোশাক পরুন। ভ্রমণে গেলে সবাই স্বাভাবিকভাবে একাধিক পোশাক সঙ্গে নিয়ে যান। কিন্তু প্রয়োজনের চেয়ে একটু বেশি পোশাক সঙ্গে রাখতে পারেন, যেহেতু বৃষ্টির মৌসুম। বৃষ্টি হলে হালকা শীতও অনুভূত হয়। তাই হালকা শীতের পোশাকও নিয়ে নিন দু-একটা।
পরিবারের সদস্যদের প্রতি খেয়াল
যদি পরিবারের সঙ্গে ভ্রমণ করেন এবং পরিবারে বয়স্ক ও শিশুরা থাকে, তাহলে তাদের প্রতি একটু বেশি খেয়াল রাখার প্রয়োজন হয়। থাকা, খাওয়া থেকে শুরু করে সবকিছুতে খেয়াল রাখুন তাদের যেন কোনো সমস্যা না হয়।
সহনশীল আচরণ
ভ্রমণে যাওয়ার সময় এবং ভ্রমণস্থলে আপনাদের সঙ্গে আরও অনেক পর্যটক থাকবে। এমন কোনো আচরণ বা কাজ করবেন না, যাতে তাদের সমস্যা হয়। বরং অন্যদের প্রতি সহনশীল আচরণ করুন এবং প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এমনকি যে হোটেলে উঠবেন, সেখানকার কর্মরত ব্যক্তিদের সঙ্গেও আন্তরিক আচরণ করুন।
হালকা খাবার ও পানি সঙ্গে রাখুন
ভ্রমণে সবসময় ব্যাগে হালকা খাবার ও পানি সঙ্গে রাখুন। সাময়িক ক্ষুধা ও তৃষ্ণা নিবারণে তা কাজে লাগবে।
প্রয়োজনীয় সতর্কতা
বাড়তি সতর্কতার প্রয়োজনে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে রাখতে পারেন। চা-কফি যতটা সম্ভব কম পান করুন। যেখানে সেখানে ধূমপান করা থেকে বিরত থাকুন। এতে অন্যদের অসুবিধা হতে পারে।
পরিবেশ পরিচ্ছন্ন রাখুন
যেখানেই ঘুরতে যান না কেন, অবশ্যই পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যেখানে সেখানে ময়লা ফেলবেন না। যদি বর্জ্যদানি খুঁজে না পান, ব্যাগের ভেতর জমা রাখুন। পরে যথাস্থানে ফেলে দিবেন।
নিরাপত্তা
ভ্রমণে অবশ্যই নিরাপত্তার বিষয়টি মাথায় রাখতে হবে। এমন কোথাও যাবেন না বা এমন কিছু করবেন না, যাতে আপনাকে কোনো বিপদে পড়তে হয়। সতর্কতা অবলম্বন করার পরও যদি কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে ৯৯৯ এ কল করে সহযোগিতা চাইবেন।
কলি

.jpg)




.jpg)