বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বলিউডের ব্যস্ত অভিনেত্রী তিনি। কাজের চাপেও সব সময় তিনি থাকেন সতেজ এবং প্রাণবন্ত। ক্লান্তি কেন তাকে স্পর্শ করতে পারে না সেই রহস্যই উন্মোচন করলেন এই তারকা অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যাটরিনা কাইফ জানান, ধীরে ধীরে তিনি শিখেছেন কীভাবে কাজের মধ্যেও নিজের জন্য সময় বের করতে হয়। প্রিয়জনের সঙ্গে সময় কাটাতেও ভালোবাসেন ক্যাটরিনা।
সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেন, ‘পর পর কাজ থাকলেও নিজের জন্য একটু সময় সরিয়ে রাখা দরকার। এই সময়টা পরিবারের সঙ্গে কাটানো যেতে পারে অথবা নিজের পছন্দের কোনো কাজ করা যায়। না হলে খানিকক্ষণ হাত-পা ছড়িয়ে একটু বিশ্রামও নেওয়া যায়। খুবই প্রয়োজন সেটা। তাতে আবার পুরোনো স্ফূর্তি ফিরে পাওয়া সম্ভব। যতই ব্যস্ততায় ভরা দিন হোক না কেন, নিজের জন্য একটু সময় আমি বার করে নিই।’ ক্যাটরিনার দাবি, প্রিয়জনের সঙ্গে থাকলে মনের মধ্যে একটা ভালোলাগা কাজ করে। তার কথায়, ‘নিজেকে ওই সময় পরিপূর্ণ মনে হয়, শান্তি পাওয়া যায়। সে সময় বিচ্ছিন্নতার বোধ বা তাড়া থাকে না। তবে কার সঙ্গে সময় কাটাচ্ছি, সেটা খুব গুরুত্বপূর্ণ।’
চলতি বছর জানুয়ারি মাসে মুক্তি পেয়েছিল ক্যাটরিনার ছবি ‘মেরি ক্রিসমাস’। বিজয় সেতুপতির সঙ্গে জুটিবেঁধে অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। ক্যাটরিনা অভিনীত নতুন সিনেমা ‘জি লে জ়ারা’ মুক্তির অপেক্ষায় আছে। এ ছবিতে আরও দেখা যাবে আলিয়া ভাট ও প্রিয়াঙ্কা চোপড়াকে।
জাহ্নবী