জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এই অভিনেত্রী এবার পর্দায় বলবেন সত্য ঘটনা। এক মর্মান্তিক ঘটনা ফুটিয়ে তুলবেন অভিনয়ের মাধ্যমে। ২০০৭ সালের ১১ জুলাই ময়মনসিংহ পৌরসভার কাশর এলাকার ইটখলায় রেললাইনে এক পরিবারের ৯ জন ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করেন। যে ঘটনায় দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। সেই ‘আদম পরিবারের’ সুইসাইডের ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিরিজ নির্মাণ করেছেন নির্মাতা ভিকি জাহেদ।এর নাম ‘চক্র’। এতেই অভিনয় করেছেন ফারিণ।
এই রহস্যজনক ঘটনা নিয়ে নির্মাতা ভিকি জাহেদ সিরিজ নির্মাণের ঘোষণা কয়েক বছর আগে। প্রস্তুতি নিয়ে শুটিংয়েও নেমেছিলেন। বারবার বাধার মুখে পড়েও শুটিং শেষ করেছিলেন তিনি। নির্মাণ শেষে সেন্সর বোর্ডে জমা দিলেও ছাড়পত্র মেলেনি। নানা চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে ‘চক্র’। আগামী ১০ অক্টোবর আই-স্ক্রিনে মুক্তি পাবে সিরিজটি। এর প্রধান দুই চরিত্রে আছেন তাসনিয়া ফারিণ ও তৌসিফ মাহবুব।
ভিকি জাহেদ গণমাধ্যমকে বলেন, ‘এটা সরাসরি আদম পরিবারের গল্প না।বলতে পারেন, তাদের মতোই হতভাগা আরেকটি পরিবারের গল্প। ঘটনাগুলো কেন ঘটেছিল, সেই বিষয়টা অনুসন্ধানের চেষ্টা করেছি। একটার পর একটা বাধা পাচ্ছিলাম, কোনো না কোনো সমস্যা হচ্ছিলই। এরপর নানা ধাপে যখন কাজটা শেষ করলাম, সেটাকে আটকে দেয় সেন্সর বোর্ড। যেহেতু খুব সেনসিটিভ একটা বিষয় নিয়ে সিরিজের গল্প, সেহেতু আমরা চেয়েছিলাম সেন্সর প্রসেসের মধ্য দিয়ে যেতে। এরপর তারা কিছু কারেকশন দিলেও পরে সেটি আটকে দেয়। অবশেষে অনেক দিন পর কাজটি আসছে। এই কাজটির সঙ্গে অনেক কিছু জড়িত। আনন্দ-বেদনা থেকে শুরু করে অনেক কিছুই। আশা করি কাজটি দর্শকদের ভালো লাগবে।’
আরো পড়ুন: দেবের নায়িকা ফারিণ
এ সম্পর্কে তাসনিয়া ফারিণ গণমাধ্যমে বলেন, ‘এটি দারুণ একটি কাজ। এমন গল্পে কাজ করে তৃপ্তি পেয়েছি। আমরা সবাই অনেক যত্ন নিয়েই কাজটি করেছি। সত্য ঘটনা অবলম্বনে যেকোনো কাজই করতে গেলে অনেক কিছু জানতে পারি। আমার বিশ্বাস, দর্শকরাও অনেক কিছু জানতে পারবেন। আমি আশাবাদী কাজটি নিয়ে। দেখা যাক দর্শক কীভাবে গ্রহণ করেন।’
সিরিজটিতে অভিনয় করেছেন শাহেদ আলী, মারশিয়া শাওন, এ কে আজাদ সেতু, মাসুদুল মাহমুদ রোহান প্রমুখ।
কলি