ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন খ্যাতিমান এ অভিনেতা। ৩০ সেপ্টেম্বর তিনি শুটিংয়ের সময় অসুস্থ হয়ে পড়লে ভর্তি ছিলেন চেন্নাইয়ের একটি হাসপাতালে। গত বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ হাসপাতাল থেকে ছুটি মিলেছে এই অভিনেতার।
রজনীকান্তের হৃৎপিণ্ড থেকে নিঃসৃত প্রধান রক্তনালি ফুলে যাওয়ায় চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নন-সার্জিক্যাল, ট্রান্সক্যাথেটার পদ্ধতি ব্যবহারের মাধ্যমে এ অভিনেতার চিকিৎসা করা হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে।
এর আগে চেন্নাই পুলিশসূত্রে জানা যায়, রজনীকান্তের পেটে প্রচণ্ড ব্যথা শুরু হওয়ায় দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী জানান, হাসপাতালে ভর্তির পর খালি পেটে তাকে হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়।
রজনীকান্তের ভর্তির পরদিন হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘রজনীকান্তের হৃৎপিণ্ড থেকে বের হওয়া প্রধান রক্তনালিতে (মহাধমনী) ভীষণ সমস্যা ছিল, যা একটি নন-সার্জিক্যাল, ট্রান্সক্যাথেটার পদ্ধতির মাধ্যমে চিকিৎসা করা হয়েছে। সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. সাই সতীশ সম্পূর্ণ ফোলাভাব বন্ধ করে একটি স্টেন্ট বসিয়েছেন। রজনীকান্তের অবস্থা এখন স্থিতিশীল এবং তিনি সুস্থ রয়েছেন। দুই দিনে তিনি বাড়ি ফিরে যাবেন।’ নন্দিত এই অভিনেতার সুস্থ হওয়ার খবরে স্বস্তির হাওয়া বইছে তার ভক্ত অনুরাগী ও সহকর্মী শিবিরে।
/আবরার জাহিন