ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা কীর্তি সুরেশ। জীবনে নতুন ইনিংসের ঘোষণা দিলেন তিনি। ১৪ বছরের চুটিয়ে প্রেমের পর এবার প্রেমিককে বিয়ে করতে যাচ্ছেন এ অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, কীর্তির হবু বরের নাম এন্টনি থাট্টিল। পেশায় ব্যবসায়ী ও কেরালার রিসোর্ট চেইনের মালিক। স্কুল জীবন থেকে প্রেম করছেন তারা। আগামী ১১ ডিসেম্বর গোয়ায় জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে হবে তাদের। কীর্তির বাবা অভিনেতা সুরেশ ও মা মেনাকাও তাদের বিয়ে নিয়ে খুশি।
বেশ কিছুদিন ধরেই নেটদুনিয়ায় এই অভিনেত্রীর বিয়ে নিয়ে চলছিল গুঞ্জন। এ নিয়ে মুখ খুলে কীর্তি তখন বলেন, ‘বিয়ের খবর প্রকাশ করার জন্য সঠিক সময় আসতে দিন।’
এবার গুঞ্জনের পালে হাওয়া দিলেন অভিনেত্রী নিজেই। সত্যি সত্যিই এই তারকা অভিনেত্রী বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। ২০০০ সালের শুরুর দিকে একজন শিশু অভিনেত্রী হিসেবে কর্মজীবন শুরু করেন কীর্তি। ২০১৩ সালে মালায়ালাম ফিল্ম গীতাঞ্জলি দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এরপর তিনি ‘রিং মাস্টার’, ‘ইধু এন্না মায়াম’, ‘নেনু সাইলাজা’, ‘রজনীমুরুগান’ ‘রেমো’, ‘বৈরাভা’, ‘নেনু লোকাল’, ‘মহানতি’সহ বহু সিনেমায় অভিনয় করেছেন। ‘মহানতি’ অভিনয় করে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। কীর্তির বিয়ের খবরে ভক্ত অনুরাগীরা শুভেচ্ছা জানাচ্ছেন।
হাসান