‘ভালোবাসা সীমাহীন’খ্যাত পরিচালক শাহ আলম মণ্ডল গতকাল শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক কায়েস আরজু।
এরআগে শাহ আলম মন্ডল অসুস্থ হয়ে পড়লে প্রাথমিকভাবে তাকে রাজধানীর ইসলামিয়া ব্যাংক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু শেষ পর্যন্ত সকলের চেষ্টা বৃথা করে না ফেরার দেশে পাড়ি জমালেন শাহ আলম। এদিকে তার মরদেহ এফডিসিতে আনা হবে কিনা এ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি।
পারিবারিক সূত্র জানিয়েছে, শাহ আলম মণ্ডলের মরদেহ মগবাজার বাসায় কিছুক্ষণ রেখে পরে গ্রামের বাড়ি রংপুরে নিয়ে যাওয়া হবে। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। শাহ আলম মণ্ডল পরিচালিত সিনেমাগুলো হলো ‘ভালোবাসা সীমাহীন’ (২০১৫), আপন মানুষ (২০১৭), ডনগিরি (২০১৯) এবং কোভিড নিয়ে দেশে প্রথম নির্মাণ করেন ‘লকডাউন লাভ স্টোরি’ (২০২২)। রংপুরে জন্ম নেওয়া শাহ আলম মণ্ডলের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন চিত্রনায়িকা পরীমনি।
হাসান