জনপ্রিয় মার্কিন পপ তারকা কেটি পেরি। এবার মহাকাশে যাচ্ছেন তিনি। জেফ বেজোসের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লু অরিজিনের একটি রকেটে চড়ে মহাকাশে যাচ্ছেন এই তারকা গায়িকা। এই মিশনে কেটি পেরির সঙ্গে আছেন আরও পাঁচ নারী। আর পুরো মিশনের নেতৃত্ব দেবেন কেটি। এমন খবর প্রকাশ করেছে ভ্যারাইটি।
ব্লু অরিজিন বলছে, ১৯৬৩ সালে ভালেন্তিনা তেরেসকোভার পর এটিই হতে যাচ্ছে মহাকাশে প্রথম মিশন, যেখানে সবাই নারী। মহাকাশের এই যাত্রায় কেটি পেরির সঙ্গে রয়েছেন জেফ বেজোসের বাগ্দত্তা লরেন সানতেজ, সঞ্চালক গেইল কিং, সাবেক নাসার বিজ্ঞানী আইশা বোয়ি, মানবাধিকারকর্মী অ্যামান্ডা গুয়েন ও চলচ্চিত্র প্রযোজক ক্যারিয়ান ফ্লিন।
এই বছরের বসন্তেই এনএস-৩১ মিশনটি মহাকাশে যাত্রা করবে। আগামী ২৩ এপ্রিল থেকে ১১ নভেম্বর পর্যন্ত কনসার্ট ট্যুরে ব্যস্ত থাকবেন কেটি পেরি। ধারণা করা হচ্ছে, তার আগেই এই সফর সম্পন্ন হবে।
এক বিবৃতিতে ব্লু অরিজিন জানিয়েছে, এমন একটি মিশনে অভিযাত্রীদের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছেন কেটি পেরি। তাদের এই মিশন পরের প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেও আশা প্রকাশ করেছেন এই গায়িকা।
উল্লেখ্য, ৪০ বছর বয়সী কেটি পেরি এ পর্যন্ত পাঁচবার আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস ও পাঁচবার বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস জিতেছেন।
/ফারজানা ফাহমি