অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের ভারতীয় সিনেমার প্রতি আকর্ষণ অনেক আগে থেকেই। বিভিন্ন সময়ে তাকে দেখা গেছে ভারতের সিনেমার আলোচনাসহ সিনেমার নাচ-গানে তাল মেলাতে। ভারতীয় অভিনেতা আল্লু অর্জুনের পুষ্পা সিনেমার শ্রীভাল্লি গানে ওয়ার্নারের নাচের ভিডিও ভাইরাল হয়েছিলো সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এবার জানা গেছে তিনি প্রথমবারের মতো ভারতের দক্ষিণী সিনেমায় অভিনয় করবেন।
গত সোমবার হায়দরাবাদে এক ইভেন্টে মিথ্রি মুভিজের প্রযোজক রবি শঙ্কর জানিয়েছেন ডেভিড ওয়ার্নারের সিনেমায় নাম লেখানোর খবর।
তিনি জানান, ভেঙ্কি কুদুমুল্লা পরিচালিত এবং নীতীন-শ্রীলীলা অভিনীত ‘রবিনহুড’ সিনেমায় একটি ছোট চরিত্রে অভিনয় করেছেন ডেভিড ওয়ার্নার। ওই ইভেন্টের সঞ্চালক সিনেমার বিষয়ে কিছু অজানা তথ্য জানানোর জন্য রবি শঙ্করকে অনুরোধ করলে তিনি অভিনেতা নীতীনের ইশারায় তিনি বলেন, এই সিনেমায় ডেভিড ওয়ার্নার আছেন। পরিচালকের অনুমতি ছাড়াই এটা প্রকাশ্যে আনায় আমি দুঃখিত। তবে সিনেমায় ওয়ার্নারের চরিত্রটা খুবই নজরকাড়া। ‘রবিনহুড’-এর মাধ্যমেই ভারতীয় সিনেমায় আত্মপ্রকাশ করছেন ডেভিড, এটা আমাদের কাছে গর্বের বিষয়।
এর আগে গত বছরের সেপ্টেম্বরেই ওয়ার্নারের তেলুগু সিনেমায় অভিনয়ের খবর প্রকাশ্যে আসে। মেলবোর্নে একটি জায়গায় শুটিং করতে দেখা গিয়েছিলো তাকে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ মার্চ সিনেমাটি মুক্তি পাবে।
এ ছাড়া জানা গেছে, ওয়ার্নার অভিনয়ের জন্য প্রতিদিন ১ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।
মেহেদী/