ব্যান্ড নগর বাউল তারকা জেমস। সারা পৃথিবীতেই তার অসংখ্য ভক্ত-অনুরাগী রয়েছে। সেই ভক্ত-অনুরাগীদের গান শোনাতে মাঝে মধ্যেই ছুটে যান এই রকস্টার। এই ধারাবাহিকতায় জেমস এবার যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। আগামী ১৪ জুন যুক্তরাষ্ট্রের ডালাসের প্ল্যানো ইভেন্ট সেন্টারে এক বিশাল কনসার্টে অংশ নেবেন তিনি।
‘চ্যাপ্টার টু: জেমস লাইভ ইন ডালাস’ শিরোনামের এই কনসার্টের টিকিট ইতোমধ্যে অনলাইনে বিক্রি শুরু হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভেন্যুটিকে আটটি ধাপে ভাগ করে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। এখানে সর্বনিম্ন ৪৯ ডলার থেকে সর্বোচ্চ ১৫০ ডলার পর্যন্ত মূল্যের টিকিট পাওয়া যাবে।
কনসার্টের আয়োজক কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানান, ‘ডালাসে এর আগে এত বড় ভেন্যুতে কোনো বাংলাদেশি ব্যান্ড পারফর্ম করেনি। এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক আয়োজন হতে যাচ্ছে।’
এর আগে ২০২৩ সালে যুক্তরাষ্ট্র সফরে যায় নগর বাউল। সেখানে তাদের ১০টি কনসার্টে গাওয়ার কথা ছিল। কিন্তু দলটির জনপ্রিয়তা জন্য প্রবাসীদের আগ্রহে ২৫টি শোতে পারফর্ম করতে হয়েছিল জেমস ও তার দলকে। এবারের সফরেও এমনটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে নগর বাউলের লাইনআপ : ফারুক মাহফুজ আনাম জেমস (ভোকাল), আহসান এলাহি ফ্যান্টি (ড্রামস), সুলতান রায়হান খান (গিটার), তালুকদার সাব্বির (বেজ গিটার)।
/শাকিল