দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকা জুটি নাট্যকার-অভিনেতা বৃন্দাবন দাস ও অভিনেত্রী শাহনাজ খুশি। এই দম্পতির জমজ দুই সন্তানের একজন সৌম্য জ্যোতি, অন্যজন দিব্য জ্যোতি। বর্তমানে পড়াশোনার পাশাপাশি নাটক, ওটিটি ও সিনেমায় নিয়মিত অভিনয় করছেন তারা। নিজেদের অভিনয় দক্ষতা দিয়ে ইতোমধ্যে বেশ পরিচিতিও পেয়েছেন।
মা-বাবার সঙ্গে মাঝে মধ্যেই এই দুই ভাইকে দেশ ও দেশের বাইরে ঘুরে-বেড়াতে দেখা যায়। তেমনই বর্তমানে অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থান করছেন তারা। তবে এবারের সফর হয়তো কিছুটা বিশেষ হয়ে থাকবে অভিনেতা দিব্য জ্যোতির কাছে। কারণ সেখানে অবস্থানের সময় সম্প্রতি মেলবোর্নের রাস্তায় বলিউড সুপারস্টার আমির খানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে দিব্যর।
গতকাল ১৪ আগস্ট সামাজিক মাধ্যমে আমির খানের সঙ্গে দিব্য জ্যোতির একটি ছবি শেয়ার করেছেন তার মা শাহনাজ খুশি। সেই ছবিতে দেখা যায়, আমির খানের পাশে দাঁড়িয়ে আছেন দিব্য। কাঁধে ব্যাগ, পরনে শার্টের ওপরে ফুল স্লিভ সোয়েটার। এদিকে আমির খানের পরনে কালো কুর্তা, সাদা পাজামা।
স্বপ্নের নায়ককে কাছে পেয়ে কথা বলেছেন, ছবি তোলারও সুযোগ হাতছাড়া করেননি এ অভিনেতা। শাহনাজ খুশি লিখেছেন, ‘অস্ট্রেলিয়ার মেলবোর্নে রাস্তায় দিব্যর স্বপ্নের নায়ক আমির খানের সাথে হঠাৎ দেখা! অতঃপর বাংলাদেশের অভিনেতা হিসাবে পরিচয় দেওয়া, কথা বলা।’
ভারতের নন্দিত পরিচালক শ্যাম বেনেগালের সঙ্গে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা কাজের সুযোগ হয়েছে দিব্যর। সে কথা শোনার পর ‘মিস্টার পারফেকশনিস্ট’ অন্যরকম আন্তরিকতা দেখিয়েছেন বলেও জানালেন খুশি।
শাহনাজ খুশি লিখেছেন, ‘মুম্বাইয়ে শ্যাম বেনেগাল স্যারের সাথে কাজের কথা শুনে অত্যন্ত আন্তরিকভাবে দেখিয়েছেন আমির খান। সেই সঙ্গে দিব্যর পিঠ চাপড়ে আদর করে দিয়েছেন! কারণ, বেনেগাল স্যারের অতিশয় ভক্ত এবং তার জন্য গর্বিতও আমির খানও।’
শেষে তিনি লিখেছেন, ‘অচেনা-অখ্যাত একজন শিল্পীর প্রতি আমির খানের মত একজন শিল্পীর এমন বিনয় নিঃশ্চয় দিব্যর জন্যও শিক্ষণীয় হয়ে থাকবে।’
/এমএস