‘সাইয়ারা’ ছবির মাধ্যমে বলিউডে ব্যাপক সাড়া ফেলে দিয়েছেন তরুণ দুই অভিনয়শিল্পী আহান পাণ্ডে ও অনিত পাড্ডা। দুজনের অভিনয় দক্ষতা ও দুর্দান্ত রসায়নে দীর্ঘদিন সাইয়ারা জ্বরে ভুগতে হয়েছে গোটা বলিউডকে। এই সিনেমা দিয়ে দর্শকের মন জয়ের পর অভিনেত্রী অনিত এবার তার পরবর্তী সিনেমায় যুক্ত হতে যাচ্ছেন।
সব শেষ ছবির মতো এটিও একটি রোমান্টিক ঘরানার চলচ্চিত্র। যেটি নির্মাণ করবেন জনপ্রিয় পরিচালক মনীশ শর্মা। আসন্ন এই সিনেমার শুটিং ২০২৬ সালের মাঝামাঝি সময়ে শুরু হবে বলে জানা গেছে। পাঞ্জাবের মনোরম পরিবেশে এটি নির্মিত হবে।
ভারতীয় সংবাদমাধ্যম মিড ডে-এর প্রতিবেদনে জানানো হয়েছে, যশরাজ ফিল্মসের প্রধান আদিত্য চোপড়া এমন সব নতুন প্রতিভাদের ক্যারিয়ার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তার মতে, ‘সাইয়ারা’-এর জনপ্রিয়তা অনিতকে ‘জেন জি’ দর্শকদের কাছে রোমান্টিক সিনেমার জন্য একটি আদর্শ মুখে পরিণত করেছে। এ জন্যই তাকে মনীশ শর্মার আসন্ন প্রেমের গল্পে নায়িকা হিসেবে নির্বাচিত করা হয়েছে।
উল্লেখ্য, পরিচালক মনীশ শর্মা এর আগে ‘ব্যান্ড বাজা বারাত’ (২০১০) এবং ‘শুদ্ধ দেশি রোমান্স’ (২০১৩)-এর মতো রোমান্টিক ঘরানার হিট ছবি উপহার দিয়ে আলোচনায় আসেন। পরে তিনি শাহরুখ খানকে নিয়ে ‘ফ্যান’ (২০১৬) এবং সালমান খানের সঙ্গে ‘টাইগার ৩’ (২০২৩)-এর মতো বড় বাজেটের ছবিতে কাজ করে নিজের পারদর্শিতার স্বাক্ষর রাখেন। তিন বছর পর আবারও রোমান্স নিয়ে পর্দায় ফিরছেন মনীশ। নতুন এই ছবিতে নির্মাতার পরিচিত ‘যৌবন ও প্রেমকেন্দ্রিক গল্প’ বলার ধারা দেখা যাবে বলে ধারণা করছেন অনেকে।
ছবির কেন্দ্রীয় নারী চরিত্র চূড়ান্ত হলেও পুরুষ প্রধান চরিত্রে কে থাকছেন সেটি এখনো ঠিক হয়নি। তবে ইতোমধ্যেই ছবির প্রি-প্রোডাকশন কাজ শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যেই সিনেমার অভিনয়শিল্পীদের তালিকা ঘোষণা করা হবে।
এদিকে, অনিত পাড্ডা ও সাইয়ারা ছবিতে তার সহ-অভিনেতা আহান পাণ্ডে চলতি বছর ইন্ডাস্ট্রিতে নিজেদের শক্ত অবস্থান তৈরি করে ফেলেছেন। তাদের প্রথম ছবির সাফল্যের পর প্রযোজনা প্রতিষ্ঠানগুলোও এখন তাদের প্রতি তারুণ্যের আকর্ষণ কাজে লাগাতে চায়। যদিও সাইয়ারার পর এখন পর্যন্ত আহান নতুন কোনো সিনেমার ঘোষণা দেননি। তবে অনিত তার সাফল্যকে সামনে এগিয়ে নিতে প্রস্তুত বলেই মনে হচ্ছে।
/এমএস