এক সময় নিয়মিত অভিনয় করতেন চিত্রনায়িকা মুনমুন। এই অভিনেত্রীর প্রথম ব্যবসাসফল সিনেমা ছিল ফজলে আহমেদ বেনজীর পরিচালিত ‘টারজান কন্যা’। এতে চিত্রনায়ক আমিন খানের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। এর পর আরও প্রায় ৭৮টি সিনেমায় অভিনয় করেছেন মুনমুন।
দীর্ঘদিনের ক্যারিয়ারে মুনমুন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, রুবেল, মান্না, নাঈম, আমিন খান, রিয়াজসহ আরও নবাগত বেশ কয়েকজন নায়কের বিপরীতে অভিনয় করেছেন। এরই মধ্যে মুনমুন তিনটি সিনেমার কাজ প্রায় শেষ করেছেন। সিনেমাগুলো হচ্ছে- মিজানুর রহমান মিজানের ‘তোলপাড়’, বাবুল রেজার ‘বউ জামাইয়ের লড়াই’ ও কিশোর রব্বানীর ‘নাম্বার ওয়ান পুলিশ’। এর মধ্যে ‘তোলপাড়’ ছাড়া বাকি দুটি সিনেমার কাজ শেষ।
এ সম্পর্কে মুনমুন বলেন, ‘‘অভিনয়জীবনের দীর্ঘদিনের পথচলায় আমি এ দেশের কোটি কোটি দর্শকের ভালোবাসা পেয়েছি। এখনো দর্শকের ভালোবাসায় সিক্ত হই বিভিন্ন অনুষ্ঠানে গেলে। সত্যি বলতে চলচ্চিত্র আমাকে অনেক দিয়েছে। দিয়েছে খ্যাতি, সম্মান। আমি দর্শকের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমাকে দর্শক সর্বশেষ ‘রাগী’ সিনেমায় খল চরিত্রে অভিনয়ে দেখেছেন। মুক্তি প্রতীক্ষিত তিনটি সিনেমাতেও আমার চরিত্র ভিন্ন। আশা করছি দর্শকের ভালো লাগবে।’’
/এমএস