খ্যাতিমান অভিনেতা ও নির্মাতা আবুল হায়াত। দীর্ঘ ক্যারিয়ারে এখনো নিয়মিত অভিনয় করার পাশাপাশি নাটক নির্মাণও করে থাকেন তিনি। এবার জিটিভিতে ‘শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ’ অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন এই নন্দিত অভিনেতা।
ইকবাল খন্দকারের উপস্থাপনায় এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন দেশের শিক্ষা, শিল্প এবং সংস্কৃতি অঙ্গনের স্বনামধন্য ব্যক্তিরা। যারা শোনাচ্ছেন তাদের আলোকিত ব্যক্তিজীবনের কথা এবং বর্ণাঢ্য কর্মজীবনের কথা। তারই ধারাবাহিকতায় এবারের ১৯তম পর্বে অতিথি হয়ে এসেছেন আবুল হায়াত। যে পর্বে উঠে এসেছে তার জীবনের নানা অজানা কথা। এইচ এম তানভীর হাসানের প্রযোজনায় পর্বটি প্রচার হবে আজ ৩১ আগস্ট রবিবার রাত ৮টা ৩০ মিনিটে।
আবুল হায়াত বলেন, ‘এই আয়োজনটি একটি ব্যতিক্রম আয়োজন। এখানে নিজের জীবনের এমন অনেক কথা অনায়াসে বলা যায়, যা সাধারণত বলার সুযোগ হয় না। আমি মন খুলে কথা বলেছি। দর্শকদের মন্দ লাগবে না আশা করি।’
অনুষ্ঠানটি সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, ‘এই অনুষ্ঠানের প্রচারিত পর্বগুলো ইতোমধ্যে প্রশংসিত হয়েছে; যা আমাদের দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। আমরা চেষ্টা করছি অনুষ্ঠানটি দর্শকদের আরও কাছাকাছি নিয়ে যেতে। আশা করি, আমাদের চেষ্টা সফল হবে।’
/এমএস