মোস্তফা সরয়ার ফারুকী ২০০৭ সালে নির্মাণ করেন ধারাবাহিক নাটক ‘৪২০’। চ্যানেল আইয়ে প্রচারিত এই নাটকটি সেসময় তুমুল জনপ্রিয়তা পায়। সেই ‘৪২০’-এর ডাবলআপ ‘৮৪০’ বানিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তবে এটি আর নাটকে সীমাবদ্ধ থাকেনি। নাটকের পরিবর্তে সিনেমা নির্মাণ করেন নির্মাতা। মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহেও। রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত এই সিনেমাটি বেশ আলোচিত হয়েছিল। প্রেক্ষাগৃহের পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেল ‘৮৪০’।
সিনেমার একটি পোস্টার শেয়ার করে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন জানিয়েছে, গতকাল ১৫ সেপ্টেম্বর আইস্ক্রিনে মুক্তি দেওয়া হয়েছে রহস্যেঘেরা ‘৮৪০’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। এ ছাড়া অভিনয় করেছেন মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, শাহরিয়ার নাজিম জয়, জায়েদ খান, রাজশাহী ও নওগাঁর বেশ কিছু স্থানীয় অভিনয়শিল্পী।
এ সম্পর্কে অভিনেত্রী জাকিয়া বালী মম বলেন, ‘ওটিটিতে মুক্তির মাধ্যমে কাজটি আরও দর্শকের কাছে পৌঁছবে এখন। অসাধারণ গল্পের কাজটি দর্শকের ভালো লাগবে। আশা করছি, প্রেক্ষাগৃহের মতো ওটিটিতেও বেশ সাড়া পাব।’ সিনেমাটি প্রযোজনা করেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, সঙ্গে আছে ইমপ্রেস টেলিফিল্ম। সংগীত পরিচালনা করেছেন পাভেল আরিন ও সাউন্ড ডিজাইনার রিপন নাথ।
নির্মাণের পাশাপাশি সিনেমার চিত্রনাট্যও করেছেন ফারুকী। এ প্রসঙ্গে আগে দেওয়া ফেসবুক পোস্টে নির্মাতা ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছিলেন, ‘বহুদিন পর পলিটিক্যাল স্যাটায়ার বানালাম। খুব আনন্দিত হয়েছি হলের মধ্যে বারবার হাসির রোল শুনতে পেয়ে।’
এর আগে সিনেমার ট্রেলার প্রকাশ করে ফারুকী বলেন, ‘ট্রেলার দেখে দর্শক যেমন বুঝতে পারছেন বিগত সরকারের আমলে বাংলাদেশটা কেমন ছিল, সেটা একটা জেলা শহরের মধ্য দিয়ে আমরা দেখাতে চেয়েছি। এটাকে আমরা বলতে পারি, আওয়ামী দুঃশাসনের এক্স-রে রিপোর্ট। আমি বিশ্বাস করি, এই দুঃশাসন নিয়ে আরও এক্স-রে রিপোর্ট সামনে হবে।’
/এমএস