অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সিদ্ধান্ত নিলে শেখ হাসিনা দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।
বৃহস্পতিবার (৮ আগস্ট) টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘তিনি (শেখ হাসিনা) আপাতত ভারতে আছেন। অন্তর্বর্তী সরকার যখন নির্বাচনের সিদ্ধান্ত নেবে, তখন তিনি বাংলাদেশে ফিরবেন।’
বর্তমান মেয়াদের পরই তিনি অবসর নিতেন বলে জানিয়েছেন জয়। তবে ৭৬ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না তা তিনি স্পষ্ট করেননি।
রাজনীতিতে যুক্ত হওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘রাজনীতিতে আসার কোনো ইচ্ছা কখনো ছিল না বলেই আমি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করি। তবে গত কয়েক দিনের ঘটনায় দলে নেতৃত্বশূন্যতা দেখা দিয়েছে। তাই দলের স্বার্থে আমাকে এগিয়ে আসতে হয়েছে।’
কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী আন্দোলনের ফলে পদত্যাগ করে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। বর্তমানে তিনি নয়াদিল্লির একটি সেফ হাউসে আছেন।
অন্যদিকে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। গঠন করা হয় ১৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ। সূত্র: রয়টার্স।
সাদিয়া নাহার/