মদ নীতি কেলেঙ্কারি মামলায় ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। ছয় মাস বিনা বিচারে জেলে থাকার পর কারামুক্ত হতে যাচ্ছেন দেশটির আম আদমি পার্টির (এএপি) প্রধান এই নেতা।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) এনডিটিভির খবরে বলা হয়েছে, দিল্লি সরকারের মদ নীতি কেলেঙ্কারি মামলায় ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গত মার্চে কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছিল। তারপর থেকে কারাগারে আছেন তিনি।
গত জুনে নিম্ন আদালতে তিনি জামিন পেলেও কারামুক্ত হওয়ার আগ মুহূর্তে তার জামিন আটকাতে হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। তাদের যুক্তি শুনে দিল্লি হাইকোর্ট এক মৌখিক আদেশে কেজরিওয়ালের জামিন স্থগিত করেন। পরে আদালত চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে সিবিআই। এই পদক্ষেপের বৈধতা তুলে উচ্চ আদালতে আবেদন করেছিলেন তিনি।
গতকাল সকালে কেজরিওয়ালের দুটি আবেদনের বিষয়ে পৃথক আদেশ দিয়েছেন দুই বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া ও সূর্য কান্ত। তবে দিল্লির গভর্নর ভি কে সাক্সেনার অনুমতি ছাড়া কেজরিওয়াল তার অফিসে বা দিল্লির সচিবালয়ে যেতে পারবেন না এবং ফাইলে স্বাক্ষর করতে পারবেন না।