ব্যক্তিগত ৪৯.৩ বিলিয়ন মার্কিন ডলার সম্পদ নিয়ে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জং ইয়ামিং এখন চীনের শীর্ষ ধনী। চীনের অন্যতম বেভারেজ কোম্পানি নংফু স্প্রিংয়ের মালিক জং শানশানকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন তিনি।
মঙ্গলবার (২৯ অক্টোবর) চীনের গবেষণা প্রতিষ্ঠান ‘হুরুন চায়না’-এর প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
এপ্রিল ২০২৪-এ ফোর্বসের তথ্য অনুযায়ী জং ইয়ামিং (৪১) ছিলেন বিশ্বের ২৭তম ও চীনের ২য় শীর্ষ ধনী। মঙ্গলবার প্রকাশিত ‘হুরুন চায়না’-এর মতে তিনি এখন বিশ্বের ১৬তম শীর্ষ ধনী।
২০২৩ সালে যুক্তরাষ্ট্রের প্রায় ৩৪টি অঙ্গরাজ্যে টিকটক চালানোর ব্যাপারে রাজ্য সরকার নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং পুরোপুরি বন্ধের ব্যাপারে আইনি প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। তারপরও গত বছরেই ৩০ শতাংশ বৈশ্বিক রাজস্ব বৃদ্ধি পেয়েছে টিকটকের, যার মূল্য ১১০ বিলিয়ন মার্কিন ডলার।
এদিকে পনি মা ও কলিন হুয়াং যথাক্রমে চীনের তৃতীয় ও চতুর্থ শীর্ষ ধনী হিসেবে অবস্থান করছেন। চীনের অর্থনীতি ও শেয়ারবাজার গত বছর কঠিন সময় পার করেছে। তাই অনেক কোম্পানি রাজস্ব হারিয়ে ফেলেছে। চীনে বিলিয়নিয়ারের তালিকা থেকে ১৪২ জন বাদ পড়েছেন। এখন সেখানে বিলিয়নিয়ারের সংখ্যা ৭৫৩ জন।
হুরুনের ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত বছর আবাসন ও নির্মাণ খাতে ৮০ শতাংশ পর্যন্ত প্রবৃদ্ধি হ্রাস পেয়েছে। অন্যদিকে ইলেকট্রনিক পণ্য, সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ও ইন্টারনেট সেবাভিত্তিক প্রতিষ্ঠানগুলো বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে। সৌর বিদ্যুৎ, বৈদ্যুতিক গাড়ি ও ই-কমার্স প্রতিষ্ঠানগুলো চ্যালেঞ্জিং সময় পার করছে। শাওমির প্রতিষ্ঠাতা লেই জুং গত বছর পাঁচ বিলিয়ন ডলার মুনাফা অর্জন করেছে। সূত্র: দি ইকোনোমিক টাইমস