দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আশঙ্কা থাকলেও এটি বাংলাদেশে আঘাত হানবে না।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ শনিবার বিকেলের দিকে ভারতের উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে।
ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করার সময় এর সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ৯০ কিলোমিটার। তামিলনাড়ু এবং পুদুচেরীর উপকূলে লাল সতর্কতা জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, কলেজ, অফিস।
ঘূর্ণিঝড় ফিনজাল শনিবার সকালে চেন্নাই থেকে ১৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম এবং পুদুচেরী থেকে ১৮০ কিলোমিটার পূর্ব দিকে অবস্থান করছে। আগামী কয়েক ঘণ্টায় তা আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরে বিকেলের মধ্যে স্থলভাগে আঘাত হানবে।
ফিনজালের প্রভাবে আগামী সোমবার পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরী, অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটকের বেশ কিছু এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
অমিয়/