মিশরে সুয়েজ খালের দক্ষিণ প্রান্তে একটি নতুন ১০ কিলোমিটার চ্যানেলে পরীক্ষামূলক জাহাজ চলাচল সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সুয়েজ খাল কর্তৃপক্ষ।
শনিবার (২৮ ডিসেম্বর) সুয়েজ খাল কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স।
সুয়েজ খাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, নতুন চ্যানেল দিয়ে দুইটি জাহাজ দুই দিক থেকে পরীক্ষামূলকভাবে নিরাপদে চলাচল করেছে।
এর আগে ২০২১ সালে সুয়েজ খালে ‘এভার গিভেন কনটেইনার জাহাজ’ আটকে পড়ায় বিশ্বের গুরুত্বপূর্ণ এই জলপথটি ছয় দিন বন্ধ রাখা হয়েছিল। এ কারণেই মিশর দ্রুত সুয়েজ খালের দক্ষিণ অংশে দ্বিতীয় চ্যানেল সম্প্রসারণ এবং বিদ্যমান চ্যানেল প্রশস্ত করার পরিকল্পনা গ্রহণ করে।
যদিও বর্তমানে সুয়েজ খাল থেকে আয়ের পরিমাণ কমে গেছে। কারণ ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ২০২৩ সালের নভেম্বর থেকে ‘রেড সি’তে জাহাজে হামলা করে আসছে। তারা বলছে, এই হামলাগুলো গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে করা হয়েছে।
মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি গত বৃহস্পতিবার বলেছেন, ‘আঞ্চলিক চ্যালেঞ্জগুলোর’ কারণে ২০২৪ সালে দেশটি সুয়েজ খাল থেকে আনুমানিক ৭ বিলিয়ন ডলার আয় হারিয়েছে। যা ২০২৩ সালের তুলনায় ৬০ শতাংশেরও বেশি হ্রাস।
সুয়েজ খাল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন সম্প্রসারণের ফলে চ্যানেলের দুই দিকের অংশ মোট দৈর্ঘ্য ৭২ কিলোমিটার থেকে বেড়ে ৮২ কিলোমিটারে পৌঁছেছে। সুয়েজ খালের মোট দৈর্ঘ্য ১৯৩ কিলোমিটার।
কর্তৃপক্ষ আরও জানায়, ‘এই সম্প্রসারণের ফলে খালের দৈনিক ধারণক্ষমতা ৬ থেকে ৮টি জাহাজ বাড়বে এবং যেকোনো সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবিলা করার সক্ষমতা বাড়াবে।’
চলতি বছরের শুরুতে মিশর ১০ কিলোমিটার সম্প্রসারণের পাশাপাশি একটি আলাদা সম্প্রসারণ প্রকল্প বিবেচনার কথা জানিয়েছিল। সূত্র: রয়টার্স
তাওফিক/