ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলা আজ শুরু হচ্ছে। আয়োজকদের ধারণা, এবার ছয় সপ্তাহের এই হিন্দু ধর্মীয় উৎসবে ৪০ কোটি পুণ্যার্থী অংশ নেবেন। আয়োজকরা জানিয়েছেন, কুম্ভমেলার প্রস্তুতির জন্য তাদের একটা অস্থায়ী দেশের মতো জায়গা তৈরি করতে হয়েছে। যে দেশে আমেরিকা ও কানাডার সম্মিলিত মানুষের চেয়েও বেশি মানুষ বাস করবেন।
মেলার মুখপাত্র বিবেক চতুর্বেদী বলেন, ‘প্রায় ৩৫ থেকে ৪০ কোটি ভক্ত-সাধু মেলায় অংশ নিচ্ছেন। কাজেই বুঝতে পারছেন প্রস্তুতির ব্যাপারটা কেমন। প্রায় দেড় লাখ টয়লেট নির্মাণ করা হয়েছে, কমিউনিটির একেকটি রান্নাঘর থেকে একবারে ৫০ হাজার মানুষ খেতে পারবেন। মূল অনুষ্ঠান স্থলে ৬৮ হাজার এলইডি লাইট সেট করা হয়েছে যার আলো আকাশ থেকে দেখা যাবে।’
২০১৯ সালে যখন শেষবার যখন আধা কুম্ভমেলা অনুষ্ঠিত হয়েছিল তখন মেলাতে ২৪ কোটি পুণ্যার্থী অংশ নিয়েছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইউনেসকো এই মেলাকে আধ্যাত্মিক-সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত করেছে। সূত্র: এএফপি