পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত নয়জন নিহত হয়েছেন। রবিবার (৬ এপ্রিল) গভীর রাতে ডেরা ইসমাইল খানের তাকওয়ারা এলাকায় অভিযানে গিয়ে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে দেশটির নিরাপত্তাবাহিনী। পরে এই হতাহতের ঘটনা ঘটে।
সোমবার (৭ এপ্রিল) দ্য এক্সপ্রেস ট্রিবিউন একটি প্রতিবেদনে এসব তথ্য জানায়।
সোমবার (৭ এপ্রিল) পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ শাখা জানায়, নিহতদের মধ্যে 'জঙ্গি নেতা' শিরিনসহ বেশ কয়েকজন সন্ত্রাসী ছিল। খারজি রিং নেতা শিরিন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছে মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত ছিলেন। তিনি বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হত্যা এবং ২০ মার্চ ক্যাপ্টেন হাসনাইন আখতার হত্যাসহ অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
পাক সেনাবাহিনীর দেয়া তথ্য অনুযায়ী, এই এলাকায় জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে শতভাগ নিশ্চিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনারা সেখানে অভিযান শুরু করে।
একটি প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুই পক্ষের ভয়ঙ্কর গুলি বিনিময়ের পর জঙ্গিদের "জাহান্নামে পাঠানো হয়েছে"। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয় বলেও দাবি করে পাকিস্তান সেনাবাহিনী। এছাড়া আশেপাশের এলাকায় অভিযান কার্যক্রম চলমান রয়েছে।
এর আগে গত সপ্তাহে নিরাপত্তা বাহিনী বেলুচিস্তানের কালাত জেলায় একটি গোয়েন্দা-ভিত্তিক অভিযানে (আইবিও) ছয় সন্ত্রাসীকে হত্যা করে। সেনাবাহিনীর মিডিয়া বিষয়ক শাখা জানায়, নিরাপত্তা বাহিনী বেলুচিস্তানের কালাতে সন্ত্রাসীদের উপস্থিতির খবরে একটি আইবিও পরিচালনা করে। সূত্র : দ্য এক্সপ্রেস ট্রিবিউন
দিনা