পাহালগামে জঙ্গি হামলার ঘটনায় জড়িতদের খোঁজ দিতে পারলে বা জঙ্গি নিধন অভিযানে সাহায্য করার মতো কোনও তথ্য দিতে পারলে ২০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।
কাশ্মীরের পাহালগামে পর্যটকদের ওপর নির্বিচারে হত্যালীলা চালানো জঙ্গিদের মধ্যে চারজনের ছবি ইতোমধ্যে প্রকাশ করেছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলো। এবার জঙ্গিদের খোঁজে পুরস্কারও ঘোষণা করা হল।
ভারতীয় বিভিন্ন সংবাদসংস্থার দেওয়া খবর অনুসারে, জম্মু এবং কাশ্মীরের অনন্তনাগ পুলিশ বিভাগের পক্ষ থেকে পাহালগামে জঙ্গি হামলার ঘটনায় জড়িতদের খোঁজ দিতে পারলে বা জঙ্গি নিধন অভিযানে সাহায্য করার মতো কোনও তথ্য দিতে পারলে ২০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।
এখন পর্যন্ত জানা গেছে, অন্তত ৬ জন সন্ত্রাসী এই হামলা চালায়। তাদের সবার হাতে স্বয়ংক্রিয় অস্ত্র, একে-৫৭ এবং এম৪ কারবাইন ছিল। ভারতীয় কতৃপক্ষের অভিযোগ, পর্যটকদের আইডি কার্ড চেক করে, হিন্দু পর্যটকদের আলাদা করে চিহ্নিত করে, রীতিমতো বেছে বেছে গুলি চালায় তারা।
ভারতীয় কতৃপক্ষের সন্দেহ, এই জঙ্গিরা পীরপঞ্জাল পাহাড়ি পথ দিয়ে পাহালগামের বৈসরন উপত্যকায় পৌঁছায় অত্যাধুনিক অস্ত্র হাতে। প্রত্যক্ষদর্শীদের মতে, কিছু জঙ্গি খাকি ইউনিফর্ম পরে, যুদ্ধের সাজে ছিল, আবার কেউ কেউ সাধারণ পাঞ্জাবি-পাজামায় ছিল।
নিরাপত্তাবাহিনীর দাবি, এই ছ'জনের মধ্যে দু'জন কাশ্মীরি, যারা ২০১৭ সালে পাকিস্তানে প্রশিক্ষণ নিতে গিয়েছিল এবং সম্প্রতি অন্যান্য বিদেশি জঙ্গিদের সঙ্গে অনুপ্রবেশ করে ভারতে প্রবেশ করে। এই জঙ্গিগোষ্ঠীর সঙ্গে লস্কর-ই-তইবারও সরাসরি যোগাযোগ রয়েছে বলে মনে করা হচ্ছে।
একই সূত্র বলছে, ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কাশ্মীর উপত্যকায় প্রায় ৬০ জন সক্রিয় জঙ্গি রয়েছে, যার মধ্যে শুধু লস্করের সদস্যই ৩৫ জন এবং জইশ-ই-মহম্মদের সদস্য ২১ জন।
মঙ্গলবার ( ২২ এপ্রিল) কাশ্মীরের অনন্তনাগের পাহালগামে জঙ্গি হামলায় কমপক্ষে ২৬ জন পর্যটক নিহত হন। সেনাবাহিনীর পোশাকে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিদের দল।
ভারতের অভিযোগ, এই হামলায় বেছে বেছে খুন করা হয়েছে হিন্দুদের। এলোপাথাড়ি গুলি চালিয়ে ঝাঁঝরা করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয় এই পর্যটকদের। এছাড়া এই হামলায় আহতও হয়েছেন বহু মানুষ।
ঘটনার পর থেকেই উপত্যকা জুড়ে তল্লাশি অভিযানে নেমেছে সেনা। চলছে ধরপাকড়ও। জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার সন্দেহে ইতোমধ্যে দেড় হাজার আটক করা হয়। দফায় দফায় চলছে তাদের জেরা করা হচ্ছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
দিনা