ফিলিস্তিন কর্তৃপক্ষের (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক বক্তব্যে হামাসকে ‘কুকুরের বাচ্চা’বলে অভিহিত করেছেন। এছাড়াও তিনি অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং গোষ্ঠীটির নিরস্ত্রীকরণ করে গাজার নিয়ন্ত্রণ হস্তান্তরের দাবি জানান।
বুধবার (২৩ এপ্রিল) সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য জানায় ।
গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর এই অভূতপূর্ব মন্তব্য সম্ভবত হামাসের প্রতি আব্বাসের সবচেয়ে তীব্র প্রকাশ্য সমালোচনা।
এদিকে প্রেসিডেন্ট আব্বাসের এই মন্তব্যের পর হামাসের একজন কর্মকর্তা এ বক্তব্যের তীব্র নিন্দা জানান। হামাসের রাজনৈতিক শাখার সদস্য বাসেম নাইম বলেন, তিনি (মাহমুদ আব্বাস) নিজের লোকদের একটি গুরুত্বপূর্ণ অংশের প্রতি অবমাননাকর ভাষা’ ব্যবহার করেছেন।
মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ বর্তমানে পশ্চিম তীরের একাংশ শাসন করছে। কিন্তু ২০০৭ সালে গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় হামাস। তার আগে হামাস সেখানে নির্বাচনে জয়ী হয়।
সাম্প্রতিক সময়ে মাহমুদ আব্বাস বলছেন, ‘হামাসকে গাজার নিয়ন্ত্রণ ও তাদের হাতে থাকা অস্ত্র হস্তান্তর করে নিজেদের রাজনৈতিক দলে রূপান্তর করতে হবে।' তিনি আরও বলেন, ‘হামাস ইসরায়েলের হাতে অপরাধমূলক দখলদারিত্বের অজুহাত তুলে দিয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো জিম্মি ধরে রাখা।'
হামাসকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘কুকুরের বাচ্চারা, যাদের আটকে রেখেছো তাদের ছেড়ে দাও। আর তাদের সুযোগ দেওয়া বন্ধ করে আমাদের মুক্তি দাও।' সূত্র: সিএনএন
দিনা