ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েক ঘণ্টা পার না হতেই বিস্ফোরণে কেঁপে উঠলো ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একাধিক শহর। সামাজিক যোগাযোগমাধ্যমে এই দাবি করেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।
শনিবার (১০ মে) বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানায়।
মুখ্যমন্ত্রী আবদুল্লাহ তার এক্স হ্যান্ডেলে লিখেন, ‘শ্রীনগরে মাত্রই বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। যুদ্ধবিরতি কোন চুলোয় গেলো?’
এছাড়া স্থানীয় বাসিন্দা, কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স জানায়, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জম্মু ও শ্রীনগর শহরের একাধিক স্থানে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। রাতের আকাশে দূর থেকেও ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়তে এবং আলোর ঝলকানি দেখা গেছে।
এদিকে একই দিন পৃথক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বিস্ফোরণের আওয়াজ তাদের প্রতিনিধিও শুনতে পেয়েছেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিস্ফোরণের উৎস জানা যায়নি।
এই বিষয়ে বক্তব্য জানার জন্য ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে রয়টার্স। তবে কোনো বাহিনীর মুখপাত্রই তাৎক্ষণিক সাড়া দেননি।
এছাড়া যুদ্ধবিরতি হলেও দুই দেশের মধ্যে কূটনৈতিক সংঘাত এখনও থামেনি। যেমন- ভারত এখনও সিন্ধু নদীর পানি বণ্টনের চুক্তি স্থগিত রেখেছে। দুই দেশের চারটি সরকারি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানায়।
পাশাপাশি এই সম্মতি নিয়ে দুইপক্ষ দুই ধরনের কথা বলছে। পাকিস্তান ‘যুদ্ধবিরতি চুক্তি’ বললেও সম্মতিটিকে ভারত ‘সব ধরনের গুলি চালানো ও সামরিক পদক্ষেপ বন্ধের চুক্তি’ বলে আখ্যায়িত করেছে। সুত্র: রয়টার্স, বিবিসি
> অমৃতসর-পাঞ্জাবে রেড অ্যালার্ট, সীমান্তজুড়ে থমথমে পরিস্থিতি
সুলতানা দিনা/অমিয়/