ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে এক পাকিস্তানি কর্মকর্তাকে বহিষ্কার করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এই কর্মকর্তাকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করেছে। এই কর্মীকে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে।
ভারত বা পাকিস্তান কোনো পক্ষই এই কর্মকর্তার নাম প্রকাশ করেনি। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত দিল্লির পাকিস্তান দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স সাদ ওয়ারাইচকে জানানো হয়। তাকে একটি ডেমাশে (কূটনৈতিক নির্দেশ) দেওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দিল্লিতে পাকিস্তানি হাইকমিশনের ওই কর্মকর্তা ‘ভারতের মাটিতে নিজের পদমর্যাদার সঙ্গে বেমানান’ কার্যকলাপ চালাচ্ছিলেন। তাই তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে
যদিও ওই কর্মকর্তা কী কাজ করছিলেন—সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মন্ত্রণালয়।
এর আগে, ভারতের পাঞ্জাব পুলিশ চলতি সপ্তাহের শুরুর দিকে দুজনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। তারা ভারতীয় সেনার গতিবিধি সংক্রান্ত স্পর্শকাতর তথ্য পাকিস্তানে পাচার করছিল। বহিষ্কৃত পাকিস্তানি কর্মকর্তা এই দু’জনের সঙ্গে যুক্ত ছিলেন বলেও জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক একটি কূটনৈতিক সূত্র।
এর আগে, গত ২২ এপ্রিল পাহালগাম হামলার পর ভারত দিল্লির পাকিস্তান হাইকমিশন থেকে প্রতিরক্ষা বিষয়ক কর্মকর্তাদের বহিষ্কার করে। হাইকমিশনে কর্মীর সংখ্যা ৫৫ থেকে ৩০-এ নামানো হয়। পাকিস্তানও তখন একই কাজ করে। তারা ইসলামাবাদের ভারতীয় হাইকমিশন থেকে কূটনীতিকদের ফেরত পাঠিয়ে মিশন ছোট করেছিল। সূত্র: দ্য হিন্দু
সুলতানা দিনা/