যুক্তরাষ্ট্রের কলোরাডোর বোল্ডারে ইসরায়েলপন্থি সমাবেশে আগুন ও ককটেল নিক্ষেপ করেছেন এক ব্যক্তি। এই ঘটনায় ৬ জন আহত হয়েছে।
রবিবার (১ জুন) দুপুরে গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভ-সমাবেশে ভিড়ের মধ্যে ‘ফ্রি ফিলিস্তিন’ বলে চিৎকার করে আগুন বোমা নিক্ষেপ করেন ৪৫ বছর বয়সী মোহাম্মদ সাবরি সোলিমান নামে এক ব্যক্তি।
সোমবার (২ জুন) ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে এই খবর জানায়।
কলোরাডো স্প্রিংসের পুলিশ পরে এই ব্যক্তিকে খুঁজে বের করে হেফাজতে নেয়। এছাড়া এই ঘটনাকে ‘পরিকল্পিত সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়ে তদন্ত শুরুর কথা জানায় মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।
ডেনভার ফিল্ড অফিসের এফবিআইয়ের স্পেশাল এজেন্ট ইন চার্জ মার্ক মিচালেক জানান, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী এটা স্পষ্ট যে এটি একটি লক্ষ্যভিত্তিক সহিংসতা এবং আমরা এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে তদন্ত করছি।’
তিনি আরও জানান, ৬ জন আহত ব্যক্তির বয়স ৬৭ থেকে ৮৮ বছরের মধ্যে। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে অন্তত একজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।
তাছাড়া হামলাকারী মোহামেদ সোলাইমানকে হামলার পরপরই হাসপাতালে ভর্তি করা হয়। রয়টার্স তাৎক্ষণিকভাবে তার বা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এফবিআইয়ের প্রধান ক্যাশ প্যাটেলও ঘটনাটিকে ‘পরিকল্পিত সন্ত্রাসী হামলা’ হিসেবে বর্ণনা করে বলেন, ‘আমরা কলোরাডোর বোল্ডারে একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলার বিষয়ে অবগত এবং ঘটনাটির আদ্যোপান্ত তদন্ত করে দেখছি।’
কলোরাডোর অ্যাটর্নি জেনারেল ফিল উইসার বলেন, যেহেতু হামলার লক্ষ্যবস্তু একটি নির্দিষ্ট গোষ্ঠী, তাই এটি একটি বিদ্বেষমূলক অপরাধ বলে মনে হচ্ছে।
বোল্ডার পুলিশের প্রধান স্টিফেন রেডফার্ন বলেন, ‘আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী যে একমাত্র সন্দেহভাজনকে আটক করা হয়েছে।’
এই হামলাটি পিয়ার্ল স্ট্রিট মলে ঘটে। এটি ইউনিভার্সিটি অব কলোরাডোর পাশে একটি জনপ্রিয় কেনাকাটার স্থান। সেখানে ‘রান ফর দেয়ার লাইভস’ নামক একটি সংগঠন ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে সমাবেশ করছিল।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গায়ে শার্ট না থাকা এক ব্যক্তি দুই হাতে স্বচ্ছ স্প্রে বোতল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তার সামনে ঘাসে আগুন জ্বলছে।
ভিডিওতে ওই ব্যক্তিকে চিৎকার করে বলতে শোনা যায়—‘জায়নবাদীরা নিপাত যাক’, ‘ফিলিস্তিন মুক্ত করো’, ‘তারা খুনি’। লাল টি-শার্ট পরা কয়েকজনের দিকে তাকিয়ে তিনি কথাগুলো বলছিলেন, যারা মাটিতে পড়ে থাকা একজনের শুশ্রূষা করছিলেন। সূত্র: বিবিসি এবং ইউরো নিউজ
সুলতানা দিনা/