ভারতের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজস্থানে পাকিস্তান সীমান্তের একেবারে কাছেই সামরিক মহড়া করতে যাচ্ছে ভারতের বিমান বাহিনী। বুধবার (২৩ জুলাই) থেকে আগামী ২৫ জুলাই পর্যন্ত এই মহড়া চলবে।
সরকারি সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) বড় আকারের এই সামরিক মহড়ায় সুখোই এসইউ-৩০, রাফায়েল ,মিরাজ ২০০০ এবং ফ্রন্টলাইন জেট সহ গুরুত্বপূর্ণ ফাইটার স্কোয়াড্রনের পাশাপাশি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ সবসহায়তা অবকাঠামো থাকবে।
ভারত ঐতিহাসিকভাবে সমরাস্ত্র ও সামরিক যানবাহনের জন্য রাশিয়ার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। মহড়ায় যেসব বিমান অংশ নিচ্ছে তার সবই রাশিয়া থেকে কেনা।
ভারত-পাকিস্তান সামরিক সংঘর্ষের দুই মাস পর আইএএফের নিয়মিত অপারেশনাল প্রস্তুতি প্রশিক্ষণের অংশ হিসেবে এই মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইন্ডিয়া টুডেকে একজন কর্মকর্তা জানান,এই মহড়াটি আন্তর্জাতিক সীমান্তের কাছে রাজস্থানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এটি বিমান বাহিনীর নিয়মিত অপারেশনাল প্রস্তুতি মহড়ার অংশ।এটি ভারতীয় বিমান বাহিনীর দুই বা তিনটি কমান্ডের মধ্যে হতে পারে। আমরা এই ধরনের মহড়ার সময় কোনও বেসামরিক বিমানের আকাশসীমা পরিষ্কার রাখার জন্য NOTAM (বিমানসেনাদের প্রতি নোটাম) জারি করি।
আগেই জারি করা নোটামে (নোটিশ টু এয়ারম্যান) বলা হয়েছে, মহড়া চলার সময় অর্থাৎ ২৩ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত কোনো বিদেশি সামরিক বা বেসামরিক বিমান যেন রাজস্থানের আকাশ ব্যবহার করা থেকে বিরত থাকে।
বিমান বাহিনীর আরেক কর্মকর্তা জানান, এই মহড়ার মূল লক্ষ্য ভারতীয় বিমান বাহিনীর রাত্রিকালীন অপারেশন পরিচালনার সক্ষমতা যাচাই করা।
গত এপ্রিলে ভারতের জম্মু ও কাশ্মিরের পাহালগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে মে মাসের প্রথম দিকে চার দি্নের সংঘাতে জড়ায় ভারত ও পাকিস্তানের বিমান বাহিনী। সেই সংঘাতের আড়াই মাসের মাথায় পাকিস্তান সীমান্তের কাছে মহড়ার আয়োজন করেছে ভারত।
সুলতানা দিনা/