রাশিয়ায় শক্তিশালী ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর ইতোমধ্যে তিনটি সুনামি ঢেউ আঘাত করেছে দেশটির সেভেরো-কুরিলস্ক বন্দর এলাকায়।
বুধবার (৩০ জুলাই) বিবিসি জানায় সুনামির শেষ ঢেউটি বন্দরের অবকাঠামো ক্ষতিগ্রস্ত করে এবং নোঙর করা কয়েকটি জাহাজকে প্রণালীর দিকে টেনে নিয়ে যায়।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায়, সুনামির তৃতীয় ঢেউটি ছিল অত্যন্ত শক্তিশালী। সুনামির ঢেউয়ে শহরের কিছু অংশ প্লাবিত হয়েছে। স্থানীয় বাসিন্দারা আত্মরক্ষার্থে একটি পাহাড়ের জড়ো হয়েছেন।
সেভেরো-কুরিলস্ক অঞ্চলে প্রায় দুই হাজার মানুষ বসবাস করেন। সুনামির প্রভাব না কাটা পর্যন্ত তারা পাহাড়েই অবস্থান করবেন বলে জানায় তাস।
এর আগে, রাশিয়ায় যে ভূমিকম্প হয়েছে, তাতে দেশটির পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি অঞ্চলে একটি কিন্ডারগার্টেন ভবন ক্ষতিগ্রস্ত হয়।
রাশিয়ার পূর্ব উপকূলের কামচাটকা উপদ্বীপে ৮দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। তবে প্রথমে রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয়েছিলো আট দশমিক সাত। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ওই ভূমিকম্পটির উৎপত্তি রাশিয়ার পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে প্রায় ৭৮ মাইল বা ১২৬ কিলোমিটার দূরে ১৮ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পটি অত্যন্ত শক্তিশালী হওয়ায় এটি প্যাসিফিক অঞ্চলে সুনামির ঝুঁকি তৈরি করেছে। ফলশ্রুতিতে রাশিয়াসহ জাপানের হোক্কাইডো থেকে কিউশু পর্যন্ত উপকূলীয় অঞ্চলে এবং যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের পুরো অংশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
সেইসঙ্গে, আলাস্কার দূরবর্তী আলেউটিয়ান দ্বীপপুঞ্জের কিছু অংশে, প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপ এবং হাওয়াই দ্বীপপুঞ্জেও সুনামি সতর্কতা জারি আছে।
অমিয়/