আফ্রিকার দেশ ঘানায় ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোআমাহ এবং পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইব্রাহিম মুত্তাল্লা মুহাম্মদসহ মোট ৮ জন নিহত হয়েছেন।
বুধবার (৭ আগস্ট) এ মর্মান্তিক দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে ঘানার প্রেসিডেন্সি।
জানা গেছে, সকাল ৯টার কিছু পর রাজধানী আক্রা থেকে ওবুয়াসির উদ্দেশে যাত্রা করা ঘানার বিমান বাহিনীর একটি হেলিকপ্টার রাডার থেকে হারিয়ে যায়। এর পর বেশ কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও এর কোনো খোঁজ না মেলায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে নিশ্চিত হওয়া যায়, হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে এবং এতে থাকা তিনজন ক্রু ও পাঁচজন যাত্রী- সবাই নিহত হয়েছেন।
নিহতরা হলেন- এডওয়ার্ড ওমানে বোআমাহ, সদ্য নিযুক্ত প্রতিরক্ষা মন্ত্রী; ইব্রাহিম মুত্তাল্লা মুহাম্মদ, পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী; আলহাজি মুনিরু মোহাম্মদ, জাতীয় নিরাপত্তা বিভাগের উপ-সমন্বয়কারী এবং সাবেক কৃষিমন্ত্রী ;স্যামুয়েল সারপং, জাতীয় গণতান্ত্রিক কংগ্রেস (এনডিসি) দলের ভাইস চেয়ারম্যান এ ছাড়া বাকি তিনজন সামরিক সদস্য।
ঘানার প্রেসিডেন্ট জন মাহামা এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া সরকারি সব আনুষ্ঠানিক কর্মসূচিও বাতিল করা হয়েছে।
এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হেলিকপ্টার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। সূত্র: ফ্রান্স ২৪
মেহেদী/