সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমের ফাঁদে পা দিয়ে গত দুই বছরে ৯ কোটি রুপি হারিয়েছেন ভারতের এক বৃদ্ধ।
জানা গেছে, ২০২৩ সালে শার্ভি নামে এক নারী ওই বৃদ্ধকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। সেখান থেকেই কথাবার্তা শুরু হয়। ধীরে ধীরে গভীর হয় সম্পর্ক। শার্ভি জানান, তিনি তার স্বামীর সঙ্গে থাকেন না। সন্তানদের নিয়ে আলাদা থাকেন।
এর পর ধীরে ধীরে সন্তানদের অসুস্থতার নাম করে তিনি বৃদ্ধের কাছ থেকে টাকা চাইতে শুরু করেন। কয়েকদিন পর, কবিতা নামে আরও এক নারী তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে শুরু করেন। তিনি নিজেকে শার্ভির পরিচিত বলে দাবি করেন। তার সঙ্গেও ক্রমে ঘনিষ্ঠতা বাড়ে বৃদ্ধের। কবিতা তাকে বিভিন্ন অশ্লিল ছবিও পাঠাতেন। একইভাবে আরও দুই নারীর সঙ্গে আলাপ হয় ওই বৃদ্ধের।
বৃদ্ধের অভিযোগ, প্রেম এবং যৌনতার প্রলোভন দিয়ে প্রত্যেকেই নানা কারণে তার কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। পরে গত জুলাই মাসে ওই বৃদ্ধ পুলিশে অভিযোগ করেন। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, এই প্রতারণা নেপথ্যে একজনই। তিনিই বিভিন্ন নামে ওই বৃদ্ধের সঙ্গে আলাপ করতেন এবং যৌনতার টোপ দিয়ে টাকা হাতিয়ে নিতেন। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
মেহেদী/