স্কুলে ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করতে অভিনব এক আইন অনুমোদন করেছে দক্ষিণ কোরিয়া। স্কুলে ক্লাস চলাকালে মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে একটি আইন অনুমোদন করেছে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট।
আগামী মার্চে নতুন শিক্ষাবর্ষ থেকে এই নিয়ম কার্যকর হবে। বিবিসির খবর।
বুধবার (২৭ আগস্ট) পার্লামেন্টে উপস্থিত ১৬৩ সদস্যের মধ্যে ১১৫ জন আইনটির পক্ষে ভোট দেন। যদিও অধিকাংশ স্কুলে আগে থেকেই আংশিক নিষেধাজ্ঞা চালু ছিল, এবার তা আইনের মাধ্যমে বাধ্যতামূলক করা হলো। এই আইনের জন্য এখন থেকে ক্লাসে বা স্কুল প্রাঙ্গণে ফোন ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপের ক্ষমতা পাবেন শিক্ষকরা।
ফিনল্যান্ড, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস ও চীন সহ কয়েকটি দেশে আগে থেকেই স্কুলে ফোনের ব্যবহার সীমিত। তবে দক্ষিণ কোরিয়া আইন প্রণয়নের মাধ্যমে বিষয়টি কঠোরভাবে বাস্তবায়ন করতে যাচ্ছে।
আইন অনুযায়ী, জরুরি পরিস্থিতি, শিক্ষাগত প্রয়োজনে বা বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়ক ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে ছাড় থাকবে।
শিক্ষক ও অভিভাবকেরা মনে করেন, মাত্রাতিরিক্ত ফোন ব্যবহারের জন্য শিক্ষার্থীদের পড়াশোনা, সামাজিকতা এবং অন্যান্য কার্যক্রমে মনোযোগ নষ্ট হচ্ছে।
তবে, এ নিয়ে শিক্ষকদের মধ্যে পরস্পরবিরোধী অবস্থানও রয়েছে। রক্ষণশীল কোরিয়ান ফেডারেশন অব টিচার্স অ্যাসোসিয়েশন আইনটির সমর্থন করেছে। তাদের জরিপে দেখা গেছে, প্রায় ৭০ শতাংশ শিক্ষক ক্লাসে ফোন ব্যবহারের কারণে বিঘ্নের অভিযোগ করেছেন।
অন্যদিকে, কোরিয়ান টিচার্স অ্যান্ড এডুকেশনাল ওয়ার্কার্স ইউনিয়নের কিছু সদস্য মনে করেন, এটি শিক্ষার্থীদের ফোন ব্যবহার অধিকারের লঙ্ঘন।
সুলতানা দিনা/