ভিয়েতনাম সরকার জানিয়েছে, আগামী ২ সেপ্টেম্বর জাতীয় দিবস উপলক্ষে দেশটির প্রতিটি নাগরিককে ১ লাখ ডং (৩.৮০ ডলার যা বাংলাদেশি টাকায় ৪৬০ টাকা) করে নগদ সহায়তা দেওয়া হবে। এই উদ্যোগের মোট ব্যয় দাঁড়াতে পারে প্রায় ৩৮০ মিলিয়ন ডলার। এক মার্কিন ডলার = ২৬,৩০০ ভিয়েতনামি ডং।
গত বৃহস্পতিবার রাতে দেওয়া এক বিবৃতিতে সরকার বলেছে, এই নজিরবিহীন পদক্ষেপ “দল ও রাষ্ট্রের জনগণের প্রতি গভীর মমতা ও যত্নের বহিঃপ্রকাশ।”
সরকার জানিয়েছে, এই অর্থ মানুষের ব্যাংক হিসাবে স্থানান্তর করা হতে পারে অথবা নগদে দেওয়া হবে। কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী মঙ্গলবার (২ আগস্ট) জাতীয় দিবসের আগেই সব টাকা বিতরণ সম্পন্ন করতে হবে।
হ্যানয়ের বাসিন্দা ফাম তিয়েন লুয়াত বলেন, “প্রথমে ভেবেছিলাম এটা কোনো গুজব। এমন প্রস্তাব আমাকে খুব অবাক করেছে।”
সরকারি তথ্য অনুযায়ী, গত বছর ভিয়েতনামে গড় কর্মীর মাসিক আয় ৮.৬ শতাংশ বেড়ে ৭.৭ মিলিয়ন ডং হয়েছে।
লুয়াত মজা করে বলেন, “এই টাকা দিয়ে কফি খাব... তিন কাপ কফি হবে।”
রাজধানী হ্যানয় ইতোমধ্যে প্রস্তুতি নিচ্ছে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় জাতীয় দিবসের কুচকাওয়াজ আয়োজনের জন্য। এ বছর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি স্বাধীনতার ঘোষণার ৮০ বছর উদ্যাপন করছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দিবসটি উপলক্ষে হ্যানয় ও ব্যবসায়িক কেন্দ্র হো চি মিন সিটিতে গণপরিবহন সেদিন বিনামূল্যে চালানো হবে।
প্রধানমন্ত্রী ফাম মিন চিন আনুষ্ঠানিক নির্দেশে ৮০তম আগস্ট বিপ্লব ও জাতীয় দিবস উপলক্ষে দ্রুত উপহার বিতরণের নির্দেশ দিয়েছেন। সূত্র: রয়টার্স
মাহফুজ/