আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ২৫০ জন নিহত হয়েছে, আহত আরও অনেক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিবিসির খবর।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান চলছে এবং কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ সম্পদ কাজে লাগানোর চেষ্টা করছে।
সংবাদমাধ্যমটি বলছে, আফগানিস্তানের পূর্বাঞ্চলে রবিবার (৩১ আগস্ট) গভীর রাতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কুনার প্রদেশ।
আফগান তথ্য মন্ত্রণালয় জানায়, ভূমিকম্প কবলিত এলাকায় অন্তত ২৫০ জন নিহত এবং ৫০০ জন আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.০। জালালাবাদের পূর্ব-উত্তরপূর্বে ২৭ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের ৮ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়।
ইউএসজিএস আরও জানায়, প্রধান কম্পনের পর একই এলাকায় আরও দুটি আফটারশক আঘাত হানে, যার মাত্রা ছিল ৫.২। নানগারহার জনস্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আহতদের স্থানীয় আঞ্চলিক হাসপাতালে নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় গত রবিবার রাত ১১টা ৪৭ মিনিটে এই ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের আট কিলোমিটার গভীরে।
এদিকে, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে আফগানিস্তানের রাজধানী কাবুলে বেশ কয়েক সেকেন্ড কম্পন টের পাওয়া যায়। প্রায় ৪০০ কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কম্পন অনুভূত হয়েছে।
সুলতানা দিনা/