আফগানিস্তানে কয়েক দফা ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রায় ২ হাজার ২০০ ছাড়িয়েছে। আহতের সংখ্যা সাড়ে তিন হাজারেরও বেশি। ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার ৩৬ ঘণ্টার বেশি সময় পর উদ্ধারকর্মীরা দুর্ঘটনাকবলিত এলাকায় পৌঁছায়। কিন্তু ভূমিকম্পে হতাহত নারীদের উদ্ধার করেনি তারা।
কুনার প্রদেশের আন্দারলুকাক গ্রামের ১৯ বছর বয়সী আয়েশা জানান, পুরুষ উদ্ধারকারীরা আহত পুরুষ ও শিশুদের দ্রুত বের করে তাদের চিকিৎসা দিচ্ছিল। কিন্তু তিনি ও অন্যান্য আহত নারী ও কিশোরীদের, যাদের মধ্যে অনেকে রক্তাক্ত ছিল, তাদের এক পাশে ঠেলে দেওয়া হয়।
আয়েশা বলেন, ‘তারা আমাদের এক কোণে জড়ো করে আমাদের কথা ভুলে গেল।’ কেউ তাদের সাহায্যের প্রস্তাবও দেয়নি, তাদের কী প্রয়োজন, তা-ও জিজ্ঞেস করেনি, এমনকি কাছেও আসেনি।
এমনকি যখন উদ্ধারের কাজ চলছিল তখনও বহু মেয়ে শিশু, যুবতী ও মহিলা ধ্বংসস্তূপের ভিতর আটকে থাকলেও তাদের বের করা হয়নি। আবার যারা নিজে থেকে বেরিয়ে আসতে পেরেছেন, তাদের অনেকেই রক্তাক্ত হলেও চিকিৎসা সেবা পাননি। শুধু মৃত মহিলাদের পোশাক ধরে টেনে বের করেন উদ্ধারকারীরা।
তালেবান সরকারের কঠোর সাংস্কৃতিক ও ধর্মীয় বিধান অনুযায়ী, পরিবারের সদস্য নন এমন কোনো পুরুষ ও নারীর মধ্যে শারীরিক স্পর্শ সম্পূর্ণ নিষিদ্ধ। অর্থাৎ, অনাত্মীয় কোন নারীকে স্পর্শ করতে পারবে না কোনো পুরুষ। তার জন্য কঠোর শাস্তির বিধানও রয়েছে।
সুলতানা দিনা/