ভারতের পণ্যে যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্কারোপের জেরে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মার্কিন পণ্যে ৭৫ শতাংশ শুল্কারোপের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
রবিবার (৭ সেপ্টেম্বর) আম আদমি পার্টি নেতা মোদির দিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ‘সাহস থাকলে মার্কিন পণ্যের ওপর ৭৫ শতাংশ শুল্ক চাপিয়ে দেখান।’
গুজরাটের রাজকোটে এক সংবাদ সম্মেলনে এই চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।
কেজরিওয়ালের দাবি, যুক্তরাষ্ট্র তুলার ওপর থেকে শুল্ক তুলে দেওয়ায় গুজরাটের তুলাচাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলার ওপর থেকে ১১ শতাংশ শুল্ক তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত শুল্কমুক্ত তুলা রপ্তানি করতে পারবে যুক্তরাষ্ট্র। ফলে গুজরাটের তুলাচাষিরা ক্ষতিগ্রস্ত আর মার্কিন চাষিরা লাভবান হবেন। ওয়াশিংটন আমাদের ওপর ৫০ শতাংশ শুল্ক বসিয়েছে। পারলে আপনি যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর ৭৫ শতাংশ শুল্ক বসান।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে তুলা আনা হলে ভারতের চাষিরা বাজারে ৯০০ টাকারও কম পাবেন। আমাদের দেশের চাষিদের সঙ্গে এটাই হচ্ছে। মোদি সরকারের এই সিদ্ধান্তের কারণে গুজরাটের চাষিরা দরিদ্র হয়ে যাবেন আর আমেরিকার চাষিরা হবেন ধনী।’
কেজরিওয়াল আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের তুলার ওপর থেকে শুল্ক তুলে দিয়ে ভারতের চাষিদের আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে মোদি সরকার।
সেই সঙ্গে মার্কিন শুল্কের কারণে ভারতের হিরা ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন কেজরিওয়াল। মোদি সরকারের সমালোচনা করে বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের সামনে হাঁটু গেড়ে বসে পড়েছে মোদি সরকার। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলার ওপর ভারতের ১০০ শতাংশ শুল্ক আরোপ করা উচিত। তাহলে যুক্তরাষ্ট্রও ভারতের সামনে নতজানু হতে বাধ্য হবে।’
এ সময় ট্রাম্পকে কাপুরুষ বলেও আখ্যায়িত করেন তিনি। বলেন, ‘ট্রাম্প একজন ভীরু, কাপুরুষ মানুষ! তার বিশ্বের সব দেশের সামনে নতজানু হওয়া উচিত।’
সুলতানা দিনা/