চার্লি কার্ক হত্যাকাণ্ডের সন্দেহভাজন হিসেবে শনাক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের তরুণ টেইলার রবিনসন। ২২ বছর বয়সী এই যুবককে পুলিশ হেফাজতে নিয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, রবিনসন নিজের বাবার কাছে স্বীকার করেছেন যে তিনি চার্লি কার্ককে গুলি করেছেন। পরে তার বাবাই কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে ছেলেকে আটকে রাখেন, যতক্ষণ না আনুষ্ঠানিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ শুক্রবার ফক্স অ্যান্ড ফ্রেন্ডস অনুষ্ঠানে বলেন, সন্দেহভাজনকে গ্রেপ্তারে সহায়তা করেছেন তার কাছের একজন ব্যক্তি। ট্রাম্প জানান, “মূলত এমন একজন যিনি তার খুব ঘনিষ্ঠ ছিলেন, তিনিই তাকে কর্তৃপক্ষের হাতে তুলে দেন।”
তিনি আরও বলেন, ফেডারেল তদন্ত ব্যুরো (এফবিআই) বৃহস্পতিবার যে পরিষ্কার ছবি প্রকাশ করেছিল, তা থেকে শনাক্ত করা সহজ হয়। ট্রাম্পের ভাষায়, তথ্যদাতা ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যুক্ত একজন ধর্মীয় নেতা।
ট্রাম্প স্বীকার করেছেন যে, তিনি ঘটনার বিষয়ে সংক্ষিপ্ত ব্রিফিং পেয়েছেন এবং তথ্যগুলো এখনো আপডেট হতে পারে।
বর্তমানে টেইলার রবিনসনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সূত্র: সিএনএন, রয়টার্স
মাহফুজ/