নেপালের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ কথা জানায় নেপালে যুক্তরাষ্ট্রের দূতাবাস।
গত সপ্তাহ থেকে শুরু হওয়া সহিংসতার পর দেশটিতে শান্তি ও শৃঙ্খলা পুনর্বহালের প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে এই বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্রীয় সংকট সমাধানের অঙ্গীকারের জন্য আমরা প্রেসিডেন্ট রাম চন্দ্র পাওদেল এবং তরুণ নেতাদের অভিনন্দন জানাই।
এছাড়া, বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া সহিংসতায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির বিষয়ে যুক্তরাষ্ট্র দূতাবাস শোক প্রকাশ করে।
অস্থিতিশীলতার সময় নেপালের সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের ভূমিকার প্রশংসা করে বিবৃতিতে বলা হয়, শৃঙ্খলা পুনপ্রতিষ্ঠা করা এবং বেসামরিক সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় তাদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নেপালে দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রতিবাদে চলমান আন্দোলন হঠাৎ সহিংস হয়ে ওঠে যখন সরকারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পরে ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেও আন্দোলন থামানো যায়নি। পরে গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।
এই সহিংসতায় অন্তত ৫১ জন নিহত এবং এক হাজার ৩০০ জন আহত হন। অবাধ লুটপাট, ভাঙচুর, লাইব্রেরিসহ ঐতিহাসিক কাঠামো ধ্বংস, রাজনীতিবিদদের বাড়িতে অগ্নিসংযোগ, মব সৃষ্টি করে মারধরের মতো ঘটনায় দেশটিতে চরম সংকটাবস্থা সৃষ্টি হয়।
এরপর, অন্তর্বর্তী সরকার গঠনে সাংবিধানিক জটিলতা এবং পার্লামেন্ট ভাঙা প্রশ্নে স্থবিরতার কাটিয়ে গত শুক্রবার রাতে প্রেসিডেন্ট পাওদেলের কাছে শপথ গ্রহণ করেন নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। সেই রাতেই আগামী ৫ মার্চ সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করেন প্রেসিডেন্ট।
রবিবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে আনুষ্ঠানিকভাবে নতুন কার্যালয়ের দায়িত্বভার গ্রহণ করছেন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি।
সুলতানা দিনা/