দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের নিজের ভাষণ গাজায় লাউড স্পিকারে সম্প্রচার করেছেন।
যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহুর নির্দেশে ইসরায়লের সেনাবাহিনী বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে গাজার ভেতরে সামরিক কাজে ব্যবহৃত বিশাল স্পিকার স্থাপন করে। এছাড়া, এসব স্পিকার সুরক্ষার জন্য সেখানে সেনা মোতায়েন করা হয়।
এদিকে, এসব স্পিকার স্থাপন এবং সেনা মোতায়েনের এমন খবরে ইসরায়েলে তীব্র প্রতিবাদ শুরু হয়। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) একাধিক হিব্রু ভাষার সংবাদমাধ্যম জানায়, লাউড স্পিকারের মাধ্যমে তার বক্তব্য গাজায় শোনানোর পদক্ষেপ তাৎক্ষণিকভাবে ইসরায়েলে ব্যাপক বিতর্ক এবং ক্ষোভের জন্ম দিয়েছে।
গত শুক্রবার এক বিবৃতিতে ইসরায়েলি সরকারের একজন মুখপাত্র বলেন, “ কূটনীতি প্রচেষ্টার অংশ হিসেবে, প্রধানমন্ত্রীর কার্যালয় ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর সহযোগিতায় গাজা সীমান্তের ইসরায়েলি দিকে ট্রাকের পিছনে লাউডস্পিকার স্থাপনের নির্দেশ দিয়েছে যাতে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ঐতিহাসিক জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণ গাজা উপত্যকায় শোনা যায়।”
জানা গিয়েছে, এসব স্পিকার সিস্টেম ছাড়াও, নেতানিয়াহুর অফিস দাবি করেছে, ইসরায়েলের সেনাবাহিনী গাজার বাসিন্দাদের এবং হামাস সদস্যদের টেলিফোনের নিয়ন্ত্রণ নিয়েছিল এই ভাষণ সম্প্রচার করার জন্য।
এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ইসরায়েলি দখলদার সেনাদের মায়েরা। তারা অভিযোগ করেন, তাদের ছেলেদের জীবনকে ঝুঁকিতে ফেলে নেতানিয়াহু নিজের রাজনৈতিক উচ্চাভিলাষ পূরণ করছেন।
সুলতানা দিনা/