হোয়াইট হাউজে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে (এমবিএস) রাজকীয় মর্যাদায় স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুবরাজের আগমনের সময় আকাশে উড়ে যায় মার্কিন যুদ্ধবিমান। তিনটি F-35 এবং তিনটি F-15 যুদ্ধবিমানের বিশেষ ফ্লাইওভার আয়োজন করে হোয়াইট হাউজ—যা এই বৈঠকের সামরিক গুরুত্বকে আরও স্পষ্ট করে। সাধারণত এ ধরনের জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা কেবল রাষ্ট্রপ্রধানদের জন্য থাকে, কিন্তু সৌদি আরবের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প করেছেন ব্যতিক্রম।
সামরিক চুক্তি, যুদ্ধবিমান ক্রয়-বিক্রয় এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র–সৌদি ঘনিষ্ঠতা—এই আলোচনাগুলোকে ঘিরেই ছিল দুই নেতার এই উচ্চপর্যায়ের বৈঠকের মূল কেন্দ্রবিন্দু।
ট্রাম্প সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্র সৌদি আরবকে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান বিক্রি করবে। সাম্প্রতিক বছরগুলোতে রিয়াদ–ওয়াশিংটন সামরিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছেছে, আর এই সফর সেই সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে ধারণা বিশ্লেষকদের।
দুই নেতা হোয়াইট হাউজের প্রবেশমুখে করমর্দন করেন। জাতীয় সংগীত বাজানো ও কামানের গর্জনে অভ্যর্থনা জানানোর পর তারা দু’জন কয়েক মুহূর্ত দাঁড়িয়ে বিমানের ফ্লাইওভার উপভোগ করেন। এরপর তারা দ্বিপক্ষীয় বৈঠকের উদ্দেশ্যে হোয়াইট হাউজে প্রবেশ করেন। প্রবেশের সময় ট্রাম্পকে যুবরাজের পিঠে বন্ধুসুলভভাবে হাত রাখতে দেখা যায়।
বৈঠকে বিন সালমানকে “দীর্ঘদিনের বন্ধু” এবং “অত্যন্ত সম্মানিত একজন নেতা” বলে অভিহিত করেন ট্রাম্প। মানবাধিকার ও সংস্কার কর্মসূচিতে যুবরাজের ভূমিকারও প্রশংসা করেন তিনি। সৌদি বাদশাহ সালমানের প্রতিও শ্রদ্ধা জানান মার্কিন প্রেসিডেন্ট।
উল্লেখ্য, ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফেরার পর থেকেই একের পর এক বিশ্বনেতা তার সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটনে আসছেন। তবে সৌদি আরবের সঙ্গে তার ব্যক্তিগত, রাজনৈতিক ও আর্থিক সম্পর্কের কারণে এমবিএস-এর অভ্যর্থনা ছিল ব্যতিক্রমী আয়োজনে ভরা।
সাম্প্রতিক সফরে সৌদি আরব যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার অংশ হিসেবেও সৌদি আরবকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখতে চায় ট্রাম্প প্রশাসন।
ভবিষ্যতে সামরিক সহযোগিতা, বিনিয়োগ এবং আঞ্চলিক ভূরাজনীতিতে দুই দেশের সমন্বয় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে একই সময়ে হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সূত্র: বিবিসি
মাহফুজ/