ভারতের বিমান বাহিনীর শক্তি বাড়াতে নতুন পঞ্চম প্রজন্মের সু-৫৭ স্টিলথ যুদ্ধবিমান প্রযুক্তি পুরোপুরি অবাধে হস্তান্তরের প্রস্তাব দিয়েছে রাশিয়া। চলতি বছরের ডিসেম্বর মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরকে সামনে রেখে নয়াদিল্লিকে একটি বড় ধরনের সামরিক চুক্তির প্রস্তাব দিয়েছে মস্কো।
এই সামরিক চুক্তির প্রস্তাবের মধ্যেই রয়েছে ভারতের বিমান বাহিনীর শক্তি বাড়াতে নতুন পঞ্চম প্রজন্মের সু-৫৭ স্টিলথ যুদ্ধবিমান প্রযুক্তি পুরোপুরি অবাধে হস্তান্তরের প্রস্তাব।
প্রসঙ্গত, পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমান বিশ্বের সবচেয়ে আধুনিক রাডারকে এড়িয়ে যেতে সক্ষম বলেই এটি ভয়াবহ এক অস্ত্র। রাশিয়ার দাবি, এটি কম দৃশ্যমান পরিস্থিতিতেও কাজ করতে পারে। এড়িয়ে যেতে পারে আর-৩৭এম ক্ষেপণাস্ত্র।
তবে এখানেই শেষ নয়। একক ইঞ্জিনের ‘স্টিলথ’ (রাডারে দেখা না যাওয়া) যুদ্ধবিমান সু-৭৫ চেকমেট নিয়েও চুক্তির প্রস্তাব ভারতকে দিচ্ছে রাশিয়া।
রাশিয়ার সরকারি মালিকানাধীন প্রতিরক্ষা সংস্থা ‘রোসটেক’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সের্গেই চেমেজভ জানান, প্রস্তাব অনুযায়ী, প্রাথমিকভাবে রাশিয়ায় তৈরি সু-৫৭ যুদ্ধবিমান ভারতকে সরবরাহ করা হবে। এরপর ধাপে ধাপে এই অত্যাধুনিক বিমান ভারতের মাটিতেই তৈরি করার প্রযুক্তি সহায়তা দেবে রাশিয়া।
এনডিটিভি বলছে, বিশ্বের অন্য কোনও দেশই ভারতকে তাদের প্রতিরক্ষা প্রযুক্তিতে এই স্তরের প্রবেশাধিকার দেয়নি। রাশিয়ার প্রস্তাব মেনে নিলে ভারত আকাশপথে পশ্চিমা দেশগুলোর মতোই সক্ষমতা অর্জন করবে।
পশ্চিমা দেশগুলো বরাবরই স্টিলথ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি ভারতের সঙ্গে ভাগাভাগি করতে অস্বীকৃতি জানিয়ে এসেছে।
দুবাই এয়ার শো-২০২৫ এর ফাঁকে সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে রুশ প্রতিরক্ষা সংস্থা‘রোসটেক’-এর প্রধান নির্বাহী চেমেজভ বলেন, ভারতকে পঞ্চম প্রজন্মের বিমান প্রযুক্তির পুরো ইকোসিস্টেম উন্মুক্ত করে দিতে আগ্রহী রাশিয়া; যার মধ্যে আছে, ইঞ্জিন, সেন্সর, স্টেলথ উপকরণসহ আরও অনেক কিছু।
ভারত ও রাশিয়ার মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, “ভারত নিষেধাজ্ঞার মুখে থাকার সময়ও আমরা তাদের নিরাপত্তার স্বার্থে অস্ত্র সরবরাহ করেছি...আজও আমরা আগের মতো একই নীতি অনুসরণ করি। ভারতের সামরিক সাজ-সরঞ্জাম যা কিছু প্রয়োজন, আমরা তা সরবরাহ করব।”
সু-৫৭ বা আরও এস-৪০০ সিস্টেম সরবরাহের সম্ভাবনা নিয়ে জিজ্ঞাসা করা হলে চেমেজভ বলেন, “ভারতের সঙ্গে আমাদের শক্তিশালী বন্ধন রয়েছে। ভারত যা চাইবে রাশিয়া তাই দেবে।”
রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন অস্ত্র রপ্তানিকারক সংস্থা রোসোবোরোনেক্সপোর্ট এর প্রস্তাব অনুযায়ী, মস্কো কেবল ভারতকে লাইসেন্সপ্রাপ্ত উৎপাদন সুবিধাই নয়, বরং যুদ্ধবিমান ইঞ্জিন, এএইএসএ রাডার, অপটিক্স, এআই উপাদান, শত্রু রাডার এড়াতে কম দৃশ্যমানতা প্রযুক্তি এবং আধুনিক আকাশ প্রতিরক্ষা অস্ত্রও দেবে।
এই যুদ্ধবিমানে ফিট করা যাবে ভারতের দেশীয় ক্ষেপণাস্ত্র । জুড়ে নেওয়া যাবে আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য এবং আকাশ থেকে মাটিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র। এই যুদ্ধবিমানের যন্ত্রাংশ ভারতে তৈরি হলে বিদেশের উপর নির্ভরতা কমবে দেশটির।
সুলতানা দিনা/