ভারতের তামিলনাড়ুর তেনকাসি জেলায় সোমবার (২৪ নভেম্বর) সকালে বেসরকারি দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত এবং অন্তত ২৮ জন আহত হয়েছেন। পুলিশ ও দমকল বাহিনীর যৌথ উদ্যোগে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানায়, মাদুরাই থেকে সেনকোট্টাইগামী একটি বাস ও তেনকাসি থেকে কোভিলপাট্টির উদ্দেশে বের হওয়া আরেকটি বাস সরু রাস্তায় মুখোমুখি ধাক্কা খায়। প্রচণ্ড সংঘর্ষে দুটি বাসই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, মাদুরাই থেকে আসা ‘কেইসর’ বাসটি অতিরিক্ত গতিতে চলছিল এবং চালকের অবহেলার কারণেই দুর্ঘটনাটি ঘটে। তদন্ত কর্মকর্তাদের মতে, বেপরোয়া গতিই প্রাণহানির প্রধান কারণ।
দুর্ঘটনার পরপরই তেনকাসি প্রশাসন বড় ধরনের উদ্ধার অভিযান চালায়। স্থানীয় বাসিন্দারাও আহতদের উদ্ধারকাজে অংশ নেন। পুলিশ সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করে ঘটনার বিস্তারিত তদন্ত করছে।
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন। তিনি জেলা প্রশাসককে আহতদের দ্রুত ও উচ্চমানের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। এক বিবৃতিতে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
প্রশাসন জানিয়েছে, উদ্ধারকাজ শেষ হলেও রাস্তা পরিষ্কার ও যান চলাচল স্বাভাবিক করতে আরও কিছু সময় লাগবে। সূত্র: এনডিটিভি
মেহেদী/