শ্রীলঙ্কায় ২০২২ সালে গণ-অভ্যুত্থানের সময় এক সংসদ সদস্যকে উন্মত্ত জনতার পিটিয়ে হত্যার ঘটনায় ১২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১১ জানুয়ারি) দেশটির একটি আদালত অভিযুক্তদের বিরুদ্ধে ওই সাজা ঘোষণা করেন।
এদিন সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে গামপাহা হাইকোর্টের তিন বিচারকের বেঞ্চ আথুকোরালার মামলায় ১২ জনকে দোষী সাব্যস্ত এবং অপর ২৩ সন্দেহভাজনকে খালাস দেন।
জানা গেছে, দেশটিতে গণ-অভ্যুত্থানের সময় রাজধানী কলম্বোর কাছের নিত্তাম্বুয়া শহরে ৫৭ বছর বয়সী সংসদ সদস্য অমরকীর্তি আথুকোরালার গাড়ি আটকে দেয় বিক্ষোভকারীরা। এ সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালান তিনি।
এরপর বিক্ষোভকারীদের হামলার মুখে পাশের একটি ভবনে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিলেন আথুকোরালা। এ সময় প্রায় পাঁচ হাজার মানুষ তাকে ঘিরে ফেলেন। সেখানে উন্মত্ত জনতার মধ্যে কয়েকজন শেষ পর্যন্ত তাকে পিটিয়ে হত্যা করেন। ওই সময় তার দেহরক্ষীকেও পিটিয়ে হত্যা করা হয়।
অন্যদিকে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করতে পারেন। ১৯৭৬ সালের পর থেকে শ্রীলঙ্কায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। তবে ফৌজদারি অপরাধের মামলায় দেশটির বিভিন্ন আদালত প্রায়ই ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের সাজা দিয়ে আসছে।
উল্লেখ্য ২০২২ সালের মে মাসে শ্রীলঙ্কাজুড়ে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামে দেশটির জনগণ।
সুমন/